গুরুত্ব পাবে বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ‘সমন্বিত অংশীদারিত্ব’ জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বাংলাদেশ আশা করছে, তাঁর দুই দিনের এই সফরের সময়ে উন্নয়ন-সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁর দপ্তরে জাপানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শিনজো আবে।
দুই দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কাল শনিবার দুপুরে ঢাকায় আসছেন। বাংলাদেশ সফর শেষে তাঁর শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর শিনজো আবে হবেন বাংলাদেশ সফরকারী জাপানের প্রথম কোনো প্রধানমন্ত্রী। ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মরি ঢাকা সফর করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচন করতে যাচ্ছে জাপান। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের সময় দুই দেশের সমর্থন আদায় হবে শিনজো আবের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশও এ পদে নির্বাচনে অন্যতম পদপ্রার্থী। যদিও এশিয়ার একটি দেশ এ পদে নির্বাচিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাপান চায় দেশটির সমর্থনে ২০১৬-১৭ মেয়াদে জাতিসংঘের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করে নিক।
গত মে মাসে টোকিওতে ন্যাশনাল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শিনজো আবের ঢাকা সফরের সময় জাপানের জনগণ সুখবর পাবেন। তিনি বলেন, ‘জাপানের সঙ্গে বন্ধুত্বকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকি এবং জাপানের সাহায্য-সমর্থনের ব্যাপারে আমরা সব সময় কৃতজ্ঞ। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং পরীক্ষিত বন্ধুর জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত বাংলাদেশ।’
জাপানের সমর্থনে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করবে কি না—সেটি গতকালের সংবাদ সম্মেলনে জানতে চাইলে এ এইচ মাহমুদ আলী বলেন, ধীরে রজনী ধীরে।
ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বাংলাদেশ সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। শিনজো আবে আগামীকাল দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে বক্তৃতা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সফরের সময় শিনজো আবের সঙ্গে ৫০ জনের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ দেড় শর বেশি সফরসঙ্গী থাকছেন।
এ এইচ মাহমুদ আলী জানান, জাপানের দেওয়া সরকারি উন্নয়ন-সহায়তার আওতায় গত মে মাসের যৌথ ইশতেহারে যেসব প্রকল্পে সহায়তার উল্লেখ আছে তার পর্যালোচনা, বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাত, টেক্সটাইল ও তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে জাপানের বিনিয়োগ উৎসাহিত করা, তৈরি পোশাক রপ্তানিতে উৎস বিধি অধিকতর শিথিলসহ রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনে সহায়তার মতো বিষয়গুলো জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সময় বাংলাদেশে ‘পিস বিল্ডিং সেন্টার’ প্রতিষ্ঠায় জাপান কারিগরি সহায়তা দিতে রাজি হয়েছে। শিনজো আবের ঢাকা সফরের সময় এ বিষয়টির পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ক্ষেত্রে ভ্রাম্যমাণ প্রতিনিধিদের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির বিষয়ে বাংলাদেশ, জাপান ও জাতিসংঘের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।