গুরুত্ব হারাচ্ছে সিলেটের তিন কলেজ গ্রন্থাগার

কলেজে গ্রন্থাগার আছে, নেই প্রয়োজনীয় সংখ্যক বই। বিশেষ করে পাঠ্যক্রমের তালিকার বইগুলো না থাকায় শিক্ষার্থীদের কাছে গুরুত্ব হারাতে বসেছে গ্রন্থাগার। জনবলসংকট ও অব্যবস্থাপনার কারণেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখতে পারছে না গ্রন্থাগার।
সিলেটের তিন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ ও সিলেট সরকারি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে খোঁজ নিয়ে এ চিত্র পাওয়া গেছে।
‘মরা নদী ভরা অতীত’: এমসি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। শুরু থেকেই এই কলেজের ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’-এ গুরুত্বপূর্ণ বইয়ের সমাহার ঘটতে থাকে। দেশি-বিদেশি নানা গুরুত্বপূর্ণ ও প্রাচীন বইয়ের সংগ্রহে সমৃদ্ধ এই পাঠাগারের ঐতিহ্য পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। যথাযথ সংরক্ষণের অভাবে এরই মধ্যে বিনষ্ট হয়ে গেছে অনেক বই, খোয়া গেছে গুরুত্বপূর্ণ বই। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে কলেজটিতে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কলেজ কর্তৃপক্ষ চাহিদা সত্ত্বেও বই কিনতে পারছে না। এতে শিক্ষার্থীরা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ও সর্বশেষ সংস্করণের বইয়ের অপ্রতুলতায় ধুঁকছেন। নেই ইন্টারনেট-সুবিধা। এক ছাত্রী বলেন, ‘লাইব্রেরিতে বসে অনেকেই আড্ডা-ইয়ার্কির পাশাপাশি হাসিঠাট্টা করে। এতে যেসব শিক্ষার্থী প্রকৃতপক্ষেই পড়াশোনার জন্য সেখানে যান, তাঁরা পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না। কর্তৃপক্ষকে বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমাধান করা উচিত।’
গ্রন্থাগারিকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। একইভাবে বাইন্ডার পদটিও শূন্য রয়েছে। তবে সহকারী গ্রন্থাগারিক ও বুক সর্টার পদ দুটিতে দুজনই কর্মরত রয়েছেন। এর বাইরে অস্থায়ীভাবে একজন ক্যাটালগারও নিয়োগ দেওয়া হয়েছে। লাইব্রেরিতে বর্তমানে ২৩ হাজার ৬৬৭টি বই রয়েছে। প্রতিবছর গড়ে ২৫০টি বই কেনা হয়ে থাকে। চলতি বছর কেনা হয়েছে ২৮১টি বই।
৭৫ বছর ধরে পদ শূন্য: সিলেট সরকারি মহিলা কলেজে সাত হাজার ৩০০ জন ছাত্রী পড়াশোনা করছেন। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজে এখনো গ্রন্থাগারিকের পদটি শূন্য রয়েছে। এমনকি ১৫ বছর ধরে সহকারী গ্রন্থাগারিকের পদটিও শূন্য। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ক্যাটালগার পদটিও। কেবল চতুর্থ শ্রেণির বুক সর্টার পদে একজন কর্মরত রয়েছেন। জনবলসংকটে পাঠাগার পরিচালনায় কলেজ কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বলে একাধিক ছাত্রী জানিয়েছেন।
কলেজের প্রশাসনিক শাখা থেকে জানা যায়, গ্রন্থাগারে কমপক্ষে ৬০ হাজার বই রয়েছে। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার টাকার বই কেনা হয়। এসব বইয়ের বেশির ভাগ অংশ কেন্দ্রীয় পাঠাগারের জন্য এবং কিছু অংশ অনান্য বিভাগের সেমিনার কক্ষের জন্য কেনা হয়। একাধিক ছাত্রী জানান, পরিসর ছোট হওয়ায় গ্রন্থাগারে নির্বিঘ্নে পড়াশোনা সম্ভব হয় না। ইন্টারনেটসহ তথ্যপ্রযুক্তি ব্যবহারের কোনো সুযোগ না থাকায় সার্বিকভাবে গুরুত্বহীন হয়ে পড়ছে গ্রন্থাগার।
চতুর্থ শ্রেণির কর্মচারী ‘গ্রন্থাগারিক’: সিলেট সরকারি কলেজের গ্রন্থাগারিক পদটি ১৫ বছর ধরে শূন্য রয়েছে। এ অবস্থায় চতুর্থ শ্রেণির পদে নিয়োজিত একজন অবসরপ্রাপ্ত এমএলএসএস দিয়ে কলেজ গ্রন্থাগার পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো গ্রন্থাগারটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একজন শিক্ষককে।
নগরের টিলাগড় এলাকায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজে সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলেজ গ্রন্থাগারে বর্তমানে ১১ হাজার ৮০০ বই রয়েছে। প্রতিবছরই ২০০ থেকে ২৫০টি বই কেনা হয়। তবে প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ কম থাকায় সব সময় পাঠ্যপুস্তকসহ শিক্ষার্থীদের রেফারেন্স উপযোগী বইগুলো কেনা সম্ভব হয় না। গ্রন্থাগারে পাঁচ পদের বিপরীতে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, ক্যাটালগার ও বাইন্ডার পদ চারটি ১৫ বছর ধরে শূন্য রয়েছে। কেবল বুক সর্টার পদে একজন কর্মরত রয়েছেন।
তিন কলেজের প্রধানের বক্তব্য: এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ দাবি করেন, ‘গ্রন্থাগার ঠিকমতোই চলছে। পর্যাপ্ত বইও রয়েছে। আর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে আমরা কলেজ প্রশাসন নিয়মিত লাইব্রেরি পরিদর্শন করে থাকি।’
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল হক চৌধুরী বলেন, ‘লাইব্রেরিতে বইয়ের কোনো অভাব নেই। কেবল লোকবলসংকটে আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। তবে লাইব্রেরিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলেজের শরীরচর্চা শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর নতুন একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি সম্পন্ন হওয়ার পর লাইব্রেরির পরিসর বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।’
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ বলেন, ‘লাইব্রেরিয়ানের পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় একজন শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একজন অবসরপ্রাপ্ত এমএলএসএসকেও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।’