গুরুত্বপূর্ণ আলামত সাংবাদিকেরা নষ্ট করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যার গুরুত্বপূর্ণ আলামত সাংবাদিকেরা নষ্ট করেছেন বলে গতকাল সোমবার জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি স্পর্শকাতর। রাতে অন্ধকারে হত্যাকাণ্ড হওয়ায় এর কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। সাগর-রুনি গণমাধ্যম ব্যক্তিত্ব হওয়ায় ঘটনার পরপরই পুলিশ যাওয়ার আগে সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেন। তিনি বলেন, এ মামলা প্রথমে পুলিশ ও ডিবি তদন্ত করে। পরে আদালতের নির্দেশে র‌্যাব মামলার তদন্ত শুরু করে। অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে র‌্যাব কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাগর-রুনি হত্যায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতানুগতিক তদন্তের বাইরে অত্যাধুনিক তদন্ত ও বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। তাদের চাহিদা মোতাবেক গত ১৩ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে কিছু আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে।আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুন্দরবন এলাকার বনদস্যু ও উপকূলীয় এলাকায় জলদস্যু নিয়ন্ত্রণে র‌্যাবের একটি আলাদা ব্যাটালিয়ন গঠন প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও আরও দুটি ব্যাটালিয়নের জন্য এক হাজার ৩৭৬ জন জনবলের পরিকল্পনা প্রস্তাব ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাত হাজার ১৬৭ জন সদস্য কাজ করছেন।প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের ১৮তম কার্যদিবসের কাজ শুরু হয়।বিল পাস: গতকাল সংসদে ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল ২০১৩’ ও ‘১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর সময়ের মধ্যে জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল ২০১৩’ সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দুটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।