নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একাধিক কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে প্রশাসনের দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার বসিন্দাদের।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ পদগুলোতে ভারপ্রাপ্ত এবং অতিরিক্ত কর্মকর্তা দিয়ে কোনো রকমে দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিল আহমেদ বিভাগীয় প্রশিক্ষণে ১০ নভেম্বর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। পাশের বারহাট্টার ইউএনও বর্তমানে ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ ইকবাল প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কর্মকর্তার পদগুলো শূন্য থাকায় প্রতিদিন বিভিন্ন কাজে আসা লোকজন ফিরে যেতে বাধ্য হচ্ছেন। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।প্রশাসনের কাজকর্ম বিঘ্নিত হওয়ার বিষয়টি স্বীকার করে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ দপ্তরের কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে।