গুরুত্বপূর্ণ কাজ থাকায় আদালতে হাজির হননি খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি-সংক্রান্ত দুটি মামলায় আদালতে হাজির হতে পারেননি। খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে গতকাল শুনানির দিন ধার্য ছিল।গতকাল খালেদা জিয়ার আইনজীবী সময়ের আবেদন করলে বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হক ১৬ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

আদালতে দেওয়া সময়ের আবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জাতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারবেন না। এ জন্য সময় প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম এই আবেদন করেন।২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুদক এই মামলা করে। গত বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এই মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান গতকাল আদলতে উপস্থিত ছিলেন। অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায়ও গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এই মামলায়ও খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়।

২০০৮ সালের ৩ জুলাই দুদক এই মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এই মামলার আসামি তারেক রহমান উচ্চ আদালতের আদেশ নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। অপর দুই আসামি জামিনে আছেন।

মামলার অন্য আসামিরা হলেন কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। তাঁদের মধ্যে প্রথম দুজন জামিনে আছেন। অন্য দুজন শুরু থেকেই পলাতক রয়েছেন।