গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শিক্ষক আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসীম উদ্দিন খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। কী তথ্য পেয়েছেন তদন্তের স্বার্থে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।

গত শনিবার আনোয়ারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরের দামপাড়ায় অবস্থিত সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে গতকাল বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে শুনানি শেষে দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন।

মামলাটির তদারককারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, দিয়াজ হত্যা মামলায় শিক্ষক আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এই মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের ধরা গেলে অনেক কিছু জানা সহজ হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ১৮ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। তাঁর মুক্তির দাবিতে পরদিন ছাত্রলীগের এক পক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করে। আরেক পক্ষ তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণ করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ছেলেকে হত্যা করা হয়েছে, এ অভিযোগ এনে তাঁর মা জাহেদা আমিন বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।

এক বছরেও হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় দিয়াজের মা জাহেদা আমিন গত মাসে অনশন শুরু করেছিলেন। আসামিদের গ্রেপ্তার করা হবে, পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ছয় দিন পর ২ ডিসেম্বর অনশন ভঙ্গ করেন তিনি।