গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় চিকিৎসক নিয়োগ
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য হওয়ায় একজন সহকারী অধ্যাপক হয়ে গেলেন অধ্যাপক। তিনি এখন বিভাগীয় প্রধানও বটে। ঘটনাটি ঢাকা মেডিকেল কলেজের। ডা. চৌধুরী মোহাম্মদ আলী এই কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তাঁকে ‘চলতি দায়িত্বে’ সহযোগী অধ্যাপকের দায়িত্ব দিয়েছিল। আরও এক দফা পদোন্নতি হয়েছে তাঁর। মন্ত্রণালয় ২৩ মার্চ এক প্রজ্ঞাপনে বলেছে, চৌধুরী মোহাম্মদ আলী অধ্যাপক, চর্ম ও যৌন পদের বিপরীতে বেতন-ভাতা উত্তোলন করবেন।অধ্যাপক পদে চলতি দায়িত্বে থাকা মো. নুরুল হুদাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বদলি করে মোহাম্মদ আলীকে ওই পদে বসানো হয়েছে। নুরুল হুদা জানিয়েছেন, তিনি স্বাচিবের আজীবন সদস্য। এ বছরের ৭ মার্চ তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেলে বদলি করে এনেছিল মন্ত্রণালয়। ২৩ মার্চ তাঁকে আবার বদলি করা হলো।ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, অন্ততপক্ষে সাতজন জ্যেষ্ঠ চিকিৎসককে ডিঙিয়ে মোহাম্মদ আলীকে অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিভাগে স্নাতকোত্তর এমডি/এফসিপিএস কোর্স চালু আছে। এসব কোর্স তদারক করার মতো যোগ্যতা ও ডিগ্রি বর্তমান বিভাগীয় প্রধানের নেই—এমন কথাও বলছেন তাঁর সহকর্মী ও ছাত্রছাত্রীরা।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, আইন ভেঙে চৌধুরী মোহাম্মদ আলীকে পদোন্নতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হওয়ার কারণে দক্ষ ও জ্যেষ্ঠর স্থানে তুলনামূলকভাবে কম দক্ষ ও কনিষ্ঠের পদোন্নতি হয়েছে। এটা করা উচিত হয়নি।নিজের পদোন্নতির ব্যাপারে চৌধুরী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘নিশ্চয়ই মন্ত্রণালয় মনে করেছে, আমি কাজ ভালো করছি। তাই আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’এ ধরনের বদলি বা পদোন্নতির ঘটনা শুধু ঢাকা মেডিকেল কলেজে ঘটেনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও একই ধরনের ঘটনা ঘটেছে।২১ মার্চ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের কাছে বদলি ও হয়রানির অভিযোগ নিয়ে আসেন এক চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক প্রথম আলোকে বলেন, একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করার পর এ বছরের মার্চে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগে বদলি করা হয় তাঁকে। এক সপ্তাহ পর ঢাকা মেডিকেল থেকে আবার পুরোনো প্রতিষ্ঠানে যাওয়ার প্রজ্ঞাপন দেয় মন্ত্রণালয়। তিনি মন্ত্রণালয়ে এসেছিলেন এসব হয়রানির কারণ জানাতে।একই ঘটনা ঘটে জোট আমলেও। তখন বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যরা পদোন্নতি ও বদলির ক্ষেত্রে অন্যায় সুযোগ-সুবিধা নিয়েছিলেন। আর স্বাচিবের নেতারা সেসব অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করেছিলেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও স্বাচিবের নেতা শরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, যোগ্যতা থাকার পরও জোট আমালে অনেকে বঞ্চিত ছিলেন। তাঁরা নিশ্চয়ই এখন সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। তবে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রীকে তা জানানো হয়েছে।জাতীয় সামাজিক রোগ গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ড্যাব ও স্বাচিপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন প্রায় চার হাজার চিকিৎসক বঞ্চিতই থেকে যাচ্ছেন। দক্ষ ও যোগ্য হওয়া সত্ত্বেও জোট আমলে এঁরা উপযুক্ত পদোন্নতি বা প্রশিক্ষণের সুযোগ পাননি। বর্তমান সময়েও পাচ্ছেন না।দুই আমলেই বঞ্চিত এমন একাধিক চিকিৎসক ও কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাঁরা সরকারি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, সরকারি হাসপাতালে ভালো চিকিৎসাসেবার যে ঐতিহ্য ছিল, দক্ষ চিকিৎসকেরা চলে গেলে সে ঐতিহ্য ধ্বংস হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।