গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ছাড় করা ও শূন্য পদ পূরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ ছাড় করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব দেশের অর্থমন্ত্রীই কৃপণ হন, অর্থ কম দেন। কিন্তু যেগুলো জরুরি ও দরকারি, সেসব প্রকল্পে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া উচিত। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাক্ষরতার হার বাড়ানোর বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। মন্ত্রিসভা সূত্রে এসব তথ্য জানা গেছে। গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ছাড় প্রসঙ্গ: বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চান সাক্ষরতা অভিযানে কেন সরকারের অঙ্গীকার পূরণ হচ্ছে না? নিরক্ষরতা দূরীকরণে অগ্রগতি নেই কেন? এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা শতভাগ দূর করার লক্ষ্যে হাতে নেওয়া তিনটি বড় প্রকল্প শেষ পর্যন্ত টাকার অভাবে বাদ দিতে হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছিল প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা। কিন্তু অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ায় প্রকল্পগুলো আর এগোয়নি। এ পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ প্রকল্পে টাকা ছাড় দেওয়ার পরামর্শ দেন।শূন্য পদ পূরণের নির্দেশ: মন্ত্রিপরিষদ সচিব গতকালের বৈঠকে সরকারের ২০১১-১২ অর্থবছরের কার্যাবলিসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ে হাজার হাজার শূন্য পদ খালি থাকার বিষয়টি উপস্থাপন করা হয়। বলা হয়, নিয়োগবিধির অভাব বা মামলার কারণে কয়েকটি নিয়োগ আটকে আছে। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বছরের পর বছর প্রতিবেদন দেওয়া হয় পদ শূন্য, বিধি নেই, তাহলে এগুলো করা হচ্ছে না কেন? কর্মকর্তা ও কর্মচারীর যদি প্রয়োজন হয় তবে অবশ্যই নিয়োগ দেওয়া উচিত। তিনি বলেন, নিয়মকানুন বানাতে এত দিন লাগবে কেন? শূন্য পদ পূরণ করতে প্রয়োজনীয় যে বিধি বা নীতিমালা দরকার, তা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে বিধিমালা সহজ করার কথাও বলেন তিনি।হজ বা ওমরাহ করা প্রসঙ্গ: বৈঠকে ধর্মসচিব বলেন, ‘আমাদের হজ এজেন্সিগুলো হজ ও ওমরাহর নামে যাকে-তাকে সৌদি আরবে পাঠাচ্ছে। অনেক রোহিঙ্গাও যাচ্ছে। দেখা যাচ্ছে, হজ করতে গিয়ে অনেকেই আর ফিরে আসছে না। সৌদি আরবে পাঁচ বছরে একবারের বেশি কেউ হজ করতে পারেন না। আর আমাদের দেশে একেকজন ২৭-২৮ বার ওমরাহ করতে যাচ্ছেন।’ এসব বিষয়ে কড়াকড়ি করার জন্য কিছু সুপারিশ চাওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। সূত্রমতে, এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এ ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। সাংবাদিকতার মানোন্নয়নে ইনস্টিটিউট: মন্ত্রিসভার বৈঠকে চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, টেলিভিশনের অনুষ্ঠান ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এটি পরিচালনার জন্য একটি কাউন্সিল থাকবে। এর প্রধান হবেন একজন যুগ্ম সচিব।অন্যান্য বিষয়: বৈঠকে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১২’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গতকালের বৈঠকে ২০১১-১২ অর্থবছরের কার্যাবলিসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।