
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর ও স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে জেএমবির সদস্য সন্দেহে ১১ জনকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে ডিবি।
ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। গ্রেপ্তার হওয়া ১১ জনকে সংবাদ সম্মেলনের আগে মিডিয়া সেন্টারে আনা হয়। তাঁরা হলেন আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, বাবু মুন্সি ওরফে মাসুদ রানা, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আবদুল বাছেত, মো. সুজাত, আজাহার আলী, ফরহাদ হোসেন ও মিজানুর রহমান।
পুলিশ সদর দপ্তরের মোবাইল ফোনে আড়ি পাতা শাখা (লফুল ইন্টারসেপশন সেল—এলআইসি) ও ডিবি যৌথভাবে সোমবার রাতে উত্তরায় ওই অভিযান চালায়। অভিযানকালে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রীও সংবাদ সম্মেলনে দেখানো হয়। এর মধ্যে ছিল বেশ কিছু বই, তিনটি চাপাতি, একটি তালা কাটার যন্ত্র, ছুরি, হাঁসুয়াসহ বিভিন্ন ধারালো অস্ত্র, বিস্ফোরক (দেড় কেজি সালফার ও ১০০ গ্রাম পটাশ)।
মনিরুল ইসলাম বলেন, জেএমবি প্রায় দুই বছর ধরে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। জেএমবির গ্রেপ্তার হওয়া এই সদস্যরা রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যক্তির ওপর হামলার পরিকল্পনা করছিলেন। তবে গোয়েন্দা তত্পরতা ও নজরদারির কারণে বড় কোনো ঘটনা ঘটাতে পারেননি তাঁরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত জুলাইয়ে জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখিকে গ্রেপ্তার করে ডিবি। ফাঁসি কার্যকর হওয়া জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের ছেলে আবু তালহা। তালহাকে গ্রেপ্তারের পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী আরিফ ইবনে খায়ের সংগঠনটিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। এর অংশ হিসেবে তিনি জামালপুর, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ করে ঢাকায় একত্র করেন। অর্থ সংগ্রহের জন্য তাঁরা কয়েকটি ডাকাতি ও ছিনতাইও করেছেন।
ডিবির কর্মকর্তারা বলেন, ওই ১১ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে গতকাল আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির পরিদর্শক আবদুর রাজ্জাক। আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।