চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম বলেছেন, বিডি-রেড চট্টগ্রামের আবাসনশিল্পের উন্নয়নে এক যুগ ধরে কাজ করছে। চট্টগ্রামের আবাসনশিল্পকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আবাসনসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে বিডি-রেড।
‘এসো পরিবেশ পরিচ্ছন্ন রাখি, সুস্বাস্থ্যে বসবাস করি’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১২তম বিডি-রেড আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্জুর আলম এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি তিন দিনের এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিডি-রেডের প্রধান নির্বাহী ইয়াছিন খান বলেন, ২০০২ থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত বিডি-রেড তার যুগপূর্তি মেলা উদ্যাপন করছে। চট্টগ্রামকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে ওঠার পেছনে বিড-রেডেরও অবদান রয়েছে।
মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শিশুদের আঁকা এই ছবিগুলো মেলায় প্রদর্শিত হবে।
মেলায় র্যাফল ড্র ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।