
হজ শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি। হজযাত্রীরা নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করছেন। মক্কার হারাম এলাকার কাছেই জাবালে নূর বা হেরা পর্বত। এই পর্বতে ওঠা-নামা যে কত কঠিন, তা যিনি ওঠেননি, তিনি বুঝবেন না। অথচ নবী করিম (সা.) এই পর্বতে ওঠা-নামা করেছেন নিয়মিত। জাবালে নূর পাহাড়ে উঠতে সময় লাগে সোয়া ঘণ্টা, আর নামতে লাগে আধা ঘণ্টা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেখানে ধ্যান করতেন এবং পবিত্র কোরআন শরিফের আয়াত যেখানে নাজিল হয়েছে, সেসব জায়গা দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য আমাদের হয়েছে।
সঙ্গী মোহাম্মদ বাবরকে নিয়ে বেরিয়ে পড়লাম। হেরা গুহায় সকালে আর বিকেলে যাওয়া যায়। জোহরের নামাজ আদায় করে খাবার খেয়ে বেরিয়ে পড়ি। ট্যাক্সি নিয়ে উঁচু-নিচু আঁকাবাঁকা রাস্তা দিয়ে তিন-চারটি বিশাল সুড়ঙ্গপথ পার হয়ে ১৫ মিনিটের মধ্যে জাবালে নূরের পাদদেশে পৌঁছি। আরবিতে জাবাল মানে পাহাড়, তাই নূরের পাহাড়।
পাহাড়ে আনুমানিক ১৫০ মিটার পাকা রাস্তা করা হয়েছে। কিছু গাড়ি সে পর্যন্ত যায়। এ পাকা রাস্তার পর শুরু হয়েছে পাহাড় কেটে তৈরি সিঁড়ির ধাপ, যেখানে সাইনবোর্ডে লেখা আছে জাবালে নূর বা গারে হেরার উচ্চতা ৫৬৫ মিটার অর্থাৎ অর্ধকিলোমিটারের বেশি উচ্চতা। এ পাকা রাস্তা পর্যন্ত রাস্তার পাশে দোকানপাট, বাড়িঘর গড়ে উঠেছে। দোকান থেকে পানির বোতল আর হালকা খাবার কিনলাম। এখানে বাংলাদেশি অনেকের সঙ্গে আলাপ হলো। দোকানে রুস্তম আলী নামে বাংলাদেশের এক কর্মী কাজ করেন। তাঁর সঙ্গে ছয়জন আত্মীয় (এঁরা হজ করতে এসেছেন) দেখা করতে এসেছেন। সবাই মিলে বেলা তিনটায় আমরা পাহাড়ে ওঠা শুরু করি। আমাদের গাইড রুস্তম আলী। সিঁড়ি এঁকেবেঁকে ওপরে উঠে গেছে। কিছু কিছু জায়গায় যেখানে সিঁড়ি বেশ খাড়া, সেখানে রেলিং আছে। রুস্তম জানান, এ সিঁড়িপথ নতুন তৈরি করা হয়েছে। আগে ছিল না। তাই এখন ওপরে ওঠা আগের তুলনায় সহজ হয়েছে।
কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা তৈরি করা হয়েছে। পথে এ রকম পাঁচটি বিশ্রামাগার চোখে পড়ল। এ পথের বাঁকে বাঁকে ফকিরেরা শুয়ে-বসে ভিক্ষা চাইছে। আরেক দল লোক আছে, যাঁদের দেখলে মনে হবে তাঁরা রাজমিস্ত্রি। বালু, সিমেন্ট নিয়ে এমনভাবে অপেক্ষা করছেন, যেন আপনি সিঁড়ির ধাপটিতে ওঠার পর তিনি মেরামতের কাজ শুরু করবেন। কিন্তু তাঁরা তা করছেন না। এঁরাও মানুষের কাছে হাত পাতেন। পথে পানি, চা, ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে। চায়ের দোকান ও বিশ্রামকেন্দ্রগুলো মূলত পাকিস্তানিদের তত্ত্বাবধানে পরিচালিত। পথের ধারে অসংখ্য খালি পানির বোতল ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। পাহাড়ে উঠতে উঠতে মনে হচ্ছিল, যখন কোনো রাস্তাঘাট ছিল না তখন কেমন করে নবীজি (সা.) দীর্ঘদিন এ পাহাড়ের চূড়ায় অবস্থিত গুহায় যাতায়াত করেছেন। খাদিজা (রা.)-ই বা কেমন করে নবীজি (সা.)-এর জন্য এখানে খাবার দিয়ে যেতেন?
সঙ্গী বাবর বললেন, ‘আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়ে উঠেছি, আর কোনো পাহাড়ে না উঠলেও চলবে।’ পথে চার জায়গায় সাইনবোর্ডে ওপরের দূরত্ব ও পরবর্তী বিশ্রামাগার কত দূরে—এসব তথ্য দেওয়া আছে। কিছু দূর উঠে আমরা বিশ্রাম নিই। ওপরে উঠতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। আমরা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় সিঁড়ির সংখ্যা গোনা শুরু করেছিলাম। আমাদের হিসাবে সিঁড়ির সংখ্যা এক হাজার ৯৫টি।
তার পরে আমরা গেলাম জাবালে সাওর। এটি কাবা শরিফ থেকে তিন মাইল দূরে অবস্থিত। জাবাল মানে পাহাড়, সাওর অর্থ গুহা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে শত্রুর হাত থেকে বাঁচতে হজরত আবু বকর (রা.)-কে নিয়ে সাওর পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন হজরত মুহাম্মদ (সা.)। তিন দিন তিন রাত তাঁরা এই গুহায় কাটিয়েছেন। শত্রুরা খুঁজতে খুঁজতে চলে গিয়েছিল গুহার খুব কাছে। কিন্তু গুহামুখে মাকড়সার জাল দেখে ফিরে যায় তারা। এই তথ্য আমাদের অনেকেরই ছোটবেলায় জানা। এখানে একটি বড় সাইনবোর্ডে দর্শনার্থীদের পর্বতে উঠতে নিষেধ করা আছে। লেখা আছে, এই পর্বতে আরোহণ করার মধ্যে কোনো অতিরিক্ত সওয়াব বা মর্তবা নেই। তবে এই উপদেশ হাজার হাজার দর্শনার্থীকে দমাতে কার্যত ব্যর্থই হয়েছে বলা যায়।
তারপর আমরা জান্নাতুল মা’আলা (কবরস্থান), মসজিদে জিন পরিদর্শন করলাম। জান্নাতুল মা’আলা মসজিদুল হারামের পূর্ব দিকে। মক্কা শরিফের বিখ্যাত কবরস্থান। এখানে কোনো কবর বাঁধানো নয়, নামফলকও নেই। মোনাজাত করলাম নিজের মতো করে। কেউ একজন বললেন, এই কবরস্থানে রয়েছে বিবি খাদিজা (রা.)-এর কবর। হজ করতে এসে কেউ মারা গেলে আগে এখানে কবর দেওয়া হতো। স্থান সংকুলান না হওয়ায় শারায়া কবরস্থানে দাফন করা হয়। প্রবেশমুখ পার হলেই অপেক্ষা করার জায়গা আছে। নারীদের কবরস্থানে প্রবেশ নিষেধ, তাই এখানে বসে তাঁরা দোয়া করেন।
জান্নাতুল মা’আলা কবরস্থানের কাছে মসজিদে জিন। সহিহ হাদিস থেকে জানা যায়, জিনেরা এখানে হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে একাধিকবার এসেছেন। সুন্দর মসজিদ, এখানে নামাজ আদায় করি আমরা।
মক্কা উম্মুল জুদ এলাকায় কাবার গিলাফ তৈরির কারখানা। সেখানে অনেক বাংলাদেশি চাকরি করেন। কাবা শরিফের কাছে উমরা মসজিদে যাওয়ার পথেই পড়ে মক্কা জাদুঘর। কোনো প্রবেশ ফি নেই। জাদুঘরে আছে সৌদি আরবের প্রাচীন সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, আসবাব, বাদ্যযন্ত্র। আছে আরবি বর্ণমালা বিবর্তনের নিদর্শন। এক কোনায় রয়েছে পানির কূপ, কূপ থেকে পানি তোলার যন্ত্রপাতি। পাশের কক্ষে আছে প্রাচীন ধাতব মুদ্রার সংগ্রহ। মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু আরবি ক্যালিগ্রাফি আছে একটি কক্ষে। প্রতিটি কক্ষেই পাহারাদার আছেন। তাঁদের অনেকেই বাংলাদেশি। রয়েছে হাতে লেখা পবিত্র কোরআন শরিফ। হজরত উসমান (রা.)-এর আমলের কোরআন শরিফও আছে এই জাদুঘরে। আরও আছে হজরত মুহাম্মদ (সা.)-এর সম্পূর্ণ বংশলতিকা। আছে কুরাইশসহ আরবের বিখ্যাত গোত্র ও বংশের পরিচয়।
জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ৬২ হাজার ৮১৬ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন এক হাজার ৪১৮ জন। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন।
প্রতিদিন হাজিদের ছবি, মারা যাওয়া হাজির নাম, পরিচয় ও তথ্য পাওয়া যাবে www.hajj.gov.bd এই ঠিকানায়। আগ্রহী ব্যক্তিরা ক্লিক করতে পারেন।