গুরুদয়াল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
কলেজ শাখা ছাত্রদলের একটি মিছিল সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে হলের সামনে সমাবেশ করা হয়। কলেজ শাখা ছাত্রদলের নেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ানুল আহমেদ, ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদ, মুনিরুজ্জামান, মোবারক হোসেন, নাজমুল আলম, মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা ঐতিহ্যবাহী এ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান। এ লক্ষ্যে আগামীকাল শনিবার ছাত্র-গণস্বাক্ষর সংগ্রহ, ৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে মানবপ্রাচীর, ১১ সেপ্টেম্বর শহীদ মিনার পাদদেশে প্রতীকী ছাত্র গণ-অনশন, ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ১৫ সেপ্টেম্বর সংগৃহীত ছাত্র-গণস্বাক্ষর মহামান্য রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের কর্মসূচি ঘোষণা করা হয়।