নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে গতকাল শনিবার তপন হায়দার নির্বাচিত হয়েছেন।
এর আগে গত শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মীর শহিদুল ইসলামকে সভাপতি এবং স্থানীয় সাংসদ তানভীর ইমামকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গুরুদাসপুর (নাটোর): শহরের চাঁচকৈড় বাজারে ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে আজ সকাল ১০টার দিকে সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক প্রশান্ত কুমার সরকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, সাংসদ আবদুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থাকবেন।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আনিসুর রহমান মোল্লা জানান, উপজেলা কমিটিতে ১৪১ জন এবং পৌর কমিটিতে ২০৪ জন কাউন্সিলর রয়েছেন।
বেড়া (পাবনা): সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তপন হায়দার নির্বাচিত হয়েছেন। গতকাল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তিনি নির্বাচিত হন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ১২ বছর পর ১ নভেম্বর সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মতামতের ভিত্তিতে আবদুল্লাহ আল মাহমুদ সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে মতভেদ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রার্থী ছিলেন তপন হায়দার ও হাসান আলী খান। নির্বাচনে ২৬৭ জন কাউন্সিলরের মধ্যে ২৬৫ জন ভোট দেন। মাত্র এক ভোটের ব্যবধানে তপন হায়দার নির্বাচিত হন।
সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে শুক্রবার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে মীর শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে স্থানীয় সাংসদ তানভীর ইমাম নির্বাচিত হয়েছেন।