গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারীকে আনিসুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের নভেম্বরে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। এরপর টানা প্রায় তিন বছর অতিবাহিত হলেও সংগঠনকে গতিশীল করতে কোনো রকম সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। এমনকি কমিটির কোনো সভায়ও তিনি উপস্থিত থাকেননি।

কেবল বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের সময় আনিসুর রহমান সক্রিয় ছিলেন। ওই সময় তৃণমূল প্রার্থীদের পক্ষে কাজ করার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের ‘বাণিজ্য’ করার অভিযোগ রয়েছে আনিসুর রহমানের বিরুদ্ধে। অবশেষে গঠনতন্ত্রে বর্ণিত বিধানের আলোকে আনিসুর রহমানকে দলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আনিসুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রায় তিন বছর আগে কমিটি হলেও সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তাঁর বিরুদ্ধে আর্থিক অভিযোগের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।

এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কারের এখতিয়ার উপজেলা কিংবা জেলা আওয়ামী লীগের নেই। কেবল কেন্দ্রীয় কমিটি তা পারে।

গত রোববার বিকেলে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের দলীয় কার্যালয় চত্বরে ওই সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল বারী এতে সভাপতিত্ব করেন।