গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চলছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ মে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। অনুমোদিত পদ ২১টি। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের (মেডিসিন, সার্জারি, গাইনি, অ্যানেসথেসিয়া, শিশু অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি) ১০টি ও আবাসিক চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কাগজে-কলমে আছে ৭ জন চিকিৎসক। এই ৭ জনের মধ্যেও আবার তিনজন গত জানুয়ারির শেষ সপ্তাহে বুনিয়াদি প্রশিক্ষণে গেছেন। আর একজন গেছেন মাতৃত্বকালীন ছুটিতে। একজনকে নাটোর সদর হাসপাতালে প্রেষণে নেওয়া হয়েছে। বর্তমানে ৩ জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।
এ উপজেলায় প্রায় ৫ লাখ বাসিন্দা। এ ছাড়া অবস্থানগত কারণে সিংড়া, বড়াইগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও পাবনার চাটমোহর উপজেলার বড় একটি অংশের রোগীরা এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী বহির্বিভাগে টিকিট কাটে। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই বিরক্ত হয়ে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যায়। এ ছাড়া প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী ভর্তি থাকে।
সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় চিকিৎসা নিতে আসা উপজেলার হেমনগর গ্রামের সানোয়ারা বেগম ও আহাদ আলী এবং সিংড়ার বিলদহর আসমত ব্যাপারীর সঙ্গে। তখন বেলা ১১টা। সবাই টিকিট কেটে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের কাছে যেতে পারেননি। তাই বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান।
সব ধরনের সুবিধা থাকার পরও শুধু চিকিৎসকের সংকটে গর্ভবতী নারীদের প্রজনন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম ২০০৯ সাল থেকে বন্ধ রয়েছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ মোহন মণ্ডল বলেন, তিনি ছাড়া মাত্র তিনজন চিকিৎসক দিয়ে এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। উপজেলার নাজিরপুর ও মশিন্দা উপস্বাস্থ্যকেন্দ্র থেকে উপসহকারী চিকিৎসা কর্মকর্তাকে এনে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। এ কারণে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি অবগত আছেন। সাধ্যমতো এ-সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।