গুরুদাসপুর ও সিংড়ায় উপনির্বাচন আজ
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ঝুঁকিপূর্ণ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এক প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কর্মকর্তা গোলাম আযম বলেন, উপনির্বাচনে ১ লাখ ৪৯ হাজার ৩৫৪ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৯০৮ জন পুরুষ ও ৭৫ হাজার ৪৪৬ জন নারী রয়েছেন। ভোট গ্রহণের জন্য ৬৪ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪০৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮১০ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের দিন বিজিবি ও র্যাবের বিশেষ টহল দল থাকবে।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখ (চশমা), পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম মোল্লা (নলকূপ), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (তালা), হাফিজুল ইসলাম (উড়োজাহাজ) এবং বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী (টিয়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা আবদুর রহিম মোল্লা গত ১৪ আগস্ট মারা যাওয়ার পর ওই পদটি শূন্য হয়।
সিংড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটারসংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৫৩৭ ও নারী ১ লাখ ২৯ হাজার ৯১২ জন। নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম (দোয়াত-কলম), উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রী ফয়জুন নেছা বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনকালীন সাধারণ, কম ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশ প্রশাসনের পাশাপাশি যেকোনো রকম বিশৃঙ্খলা ও সহিংসতা দমনে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র্যাবের বিশেষ টহল দল কাজ করবে।
সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ২৩ আগস্ট মারা যান। পরে তাঁর পদটি শূন্য ঘোষণা করা হয়।