গুরুদাসপুর পৌর আ.লীগের আহ্বায়ক কমিটি অবৈধ!
নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সংগঠন-পরিপন্থী। জেলা আওয়ামী লীগকে ভুল বুঝিয়ে এবং অনিয়মতান্ত্রিকভাবে মূল কমিটিকে পাশ কাটিয়ে পছন্দের লোকদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের নেতারা এসব দাবি করেন।পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল হক শেখের সভাপতিত্বে তিনি নিজেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুসারে প্রথম শ্রেণীর পৌরসভার পৌর কমিটি বিলুপ্ত বা ভেঙে দেওয়া বা বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। গঠনতন্ত্র অনুযায়ী, নতুন আহ্বায়ক কমিটি সম্পূর্ণ অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুমির উদ্দিন মণ্ডল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।গুরুদাসপুর পৌরসভার নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রশান্ত কুমার সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান মোল্লা দাবি করেন, জেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুসরণ করেই নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে।