গুরুদাসপুর পৌর মেয়রসহ ছয়জন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও তাঁর পাঁচ সমর্থক গতকাল বুধবার জামিন পেয়েছেন। নাটোর আমলি আদালত-৩-এর (গুরুদাসপুর) বিচারক মো. মোমিনুল ইসলাম তাঁদের জামিন দেন।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় গত সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মেয়র শাহনেওয়াজ আলী ও তাঁর তিন সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে ১১ মে মেয়রের দুই সমর্থক আমিনুল ইসলাম (২২) ও মনিরুল ইসলামকে (২২) গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন মেয়র শাহনেওয়াজ, তাঁর সমর্থক আমিরুল ইসলাম (৩২), বক্স সোনার (৩৫), বাবু (২৪), আমিনুল ও মনিরুল।
মেয়র শাহনেওয়াজের কয়েকজন সমর্থক ও গুরুদাসপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভার দিন ধার্য ছিল ১১ মে। সেখানে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের প্রধান অতিথি থাকার কথা ছিল। ওই দিন মেয়র শাহনেওয়াজের মোটরসাইকেল বহর উপজেলা চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মেয়রের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশের পাঁচ সদস্য ও মেয়রের পাঁচ সমর্থক আহত হন।
ওই ঘটনায় উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বাদী হয়ে মেয়র শাহনেওয়াজ ও তাঁর ৬৬ সমর্থক এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিনই আমিনুল ও মনিরুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
মেয়রের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি আনিসুর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ১১ মে অনুষ্ঠিত সমন্বয় সভায় সাংসদ উপস্থিত না থাকলেও পুলিশ সাংসদ কুদ্দুসের মদদে মেয়রসহ তাঁর সমর্থকদের মারধর করে। পরে মেয়রের অনুগত ব্যক্তিদের দমন করতে মামলাও করা হয়। শেষে গত সোমবার মেয়র সমর্থকেরা উচ্চ আদালতে জামিনের জন্য ঢাকায় অবস্থান করলেও সাংসদ কুদ্দুসের ইন্ধনে মেয়রসহ তাঁর কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়। কারও ইন্ধনে কাজও করে না।
মেয়র শাহনেওয়াজ মুঠোফোনে বলেন, ‘সাংসদ কুদ্দুস আমার রাজনৈতিক কর্মকাণ্ডে ইর্ষান্বিত হয়ে পুলিশ দিয়ে হয়রানি করছেন। জনগণের ভালোবাসায় আমিসহ আমার সব সমর্থক জামিন পেয়েছেন।’
সাংসদ কুদ্দুস বলেন, ‘দলের কতিপয় নেতা আমাকে ভুল বুঝছেন। রাজনৈতিক মতভেদ থাকলেও দলের সব কর্মীই আমার দলের।’