গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসেবা বন্ধ ২০ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম (ইওসি) ২০ মাস ধরে বন্ধ রয়েছে। গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্রসূতিসহ নারীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইওসি কার্যক্রম বন্ধ থাকায় ১০ লাখ টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালের ইওসি কার্যক্রম বন্ধ থাকায় শহরের প্রাইভেট ক্লিনিকগুলোতে বেশি টাকায় প্রসূতিদের নানা ধরনের সেবা নিতে হচ্ছে। এতে দরিদ্র পরিবারের প্রসূতিদের খুবই সমস্যা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। একই সময়ে গ্রামের প্রসূতিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইওসি কার্যক্রম চালু করা হয়। এ জন্য সোয়া কোটি টাকা ব্যয়-বরাদ্দে আধুনিক সুবিধার দ্বিতল ভবনের ইওসি ভবনও নির্মাণ করা হয়। এখানে একজন গাইনি চিকিৎসক ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইওসি কার্যক্রম শুরু হওয়ার পর এখানে প্রতিদিন অসংখ্য প্রসূতিকে সেবা দেওয়া হতো। এখানে সিজারিয়ান অস্ত্রোপচারসহ নানা ধরনের সেবা দিতেন গাইনি চিকিৎসক নার্গিস আক্তার ও অ্যানেসথেসিস্ট রবিউল ইসলাম। কিন্তু তাঁরা বদলি হয়ে যাওয়ার পর ২০১০ সালের ৩ মে থেকে ইওসি কার্যক্রম বন্ধ হয়ে যায়। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্রোপচারের টেবিল, জীবাণুমুক্ত করার যন্ত্রপাতিসহ ১০ লাখ টাকার মালামাল নষ্ট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের এ ধরনের সেবা পেতে ভুক্তভোগীদের নামমাত্র কিছু টাকা খরচ হলেও প্রাইভেট ক্লিনিকগুলোতে প্রতিটি সিজারিয়ান অপারেশন করতে আট থেকে ১০ হাজার টাকা খরচ হয়। দরিদ্র পরিবারের প্রসূতিদের অস্ত্রোপচার করতে এত টাকা জোগাড় কষ্টসাধ্য হয়ে পড়ে।কয়েক দিন আগে চাঁচকৈড় পুরানপাড়া গ্রামের দিনমজুর আক্কাছ আলী তাঁর প্রসূতি স্ত্রী জেসমিনকে (২২) একটি ক্লিনিকে নেন। সেখানে অস্ত্রোপচারের জন্য তাঁর কাছে অনেক টাকা চাওয়া হয়। কিন্তু তাঁর পক্ষে এক টাকা জোগাড় করাও সম্ভব হয়নি। শেষে গ্রামের মানুষ চাঁদা তুলে দেওয়ার পর সেখানে তাঁর অস্ত্রোপচার হয়।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চিকিৎসক না থাকা প্রসঙ্গে বলেন, চিকিৎসক চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।