গুরুদাসপুরে অটোচালক ও আদিতমারীতে স্কুলছাত্র খুন
লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেট খেলতে গিয়ে গত শনিবার প্রতিপক্ষের ব্যাটের আঘাতে নিহত হয়েছে আজিজুল হাকিম সজল (১৪)। সে আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজের দশম শ্রেণীর বাণিজ্য শাখার ছাত্র ও স্থানীয় এনজিও জাগো নারী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক শামসুন্নাহার মিলির একমাত্র সন্তান। নাটোরের গুরুদাসপুরে চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সজল ও তার স্থানীয় কয়েকজন বন্ধু মিলে প্রতিদিনের মতো আদিতমারী ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার একপর্যায়ে একই এলাকার সোহেলের (১২) সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সজল। একপর্যায়ে সজল প্রথমে সোহেলকে ব্যাট দিয়ে আঘাত করে। এরপর সোহেল উল্টো ব্যাট দিয়ে তার ঘাড়ে সজোরে আঘাত করে। ব্যাটের আঘাতে সজল খেলার মাঠে মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা মুমূর্ষু অবস্থায় সজলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে বিকেলেই লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আহত অবস্থায় দ্রুত খেলার মাঠ ছেড়ে বাড়িতে যায় ডা. সাফিয়া খাতুন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সোহেল (১২)। সজলের মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে সজলের চাচারা সোহেলের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে এলাকাবাসী প্রথমে আদিতমারী হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন সন্ধ্যায় তাকেও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সজলের মা শামসুন্নাহার মিলি বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। সজল ও সোহেল উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনের নির্ধারিত নিয়মে মামলার তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের গুরুদাসপুরে শরিফুল ইসলাম (১৮) নামে এক অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটছে শনিবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার ৯ নম্বর ব্রিজ এলাকায়। এ ঘটনার প্রতিবাদে নাটোর জেলা সিএনজিচালক সমিতি দিনভর কর্মবিরতি কর্মসূচি পালন করছে। শরিফুল গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মুকুল প্রামাণিকের ছেলে। সিএনজি অটোরিকশাচালক মজনু জানান, শরিফুল ইসলাম শনিবার বিকেলে কাছিকাটা থেকে রিজার্ভ ভাড়া নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে যান। গভীর রাত পর্যন্ত তিনি ফিরে আসেননি। গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায়।