গুরুদাসপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগাড়া গ্রামে এক আওয়ামী লীগের নেতা সন্ত্রাসীদের নিয়ে একজন কৃষকের বসতবাড়ি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও কুপিয়ে ওই কৃষকের স্ত্রীর হাতের আঙুল দ্বিখণ্ডিত করেছে। ভয়ে ওই পরিবার পাঁচ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।দড়িবামনগাড়া গ্রামের কৃষক ময়নাল অভিযোগ করেন, মসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম সন্ত্রাসীদের নিয়ে গত বুধবার দুপুরে তাঁর বাড়ি দখল করতে আসেন। এ সময় তাঁর স্ত্রী মনোয়ারা বাধা দিলে সন্ত্রাসীরা হাঁসুয়া দিয়ে তাঁর ডান হাতের তর্জনী কেটে দ্বিখণ্ডিত করে। তাঁকে নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ময়নাল নাটোর আদালতে মামলা করতে আসেন। খবর পেয়ে ওই নেতা আবারও সন্ত্রাসীদের নিয়ে ময়নালের বাড়িতে এসে তিনটি ঘর ভাঙচুর ও মালামাল লুট করে। ময়নাল বলেন, ‘স্ত্রীর কাটা আঙুল নিয়ে থানায় গিয়ে বিচার চেয়েছি। পুলিশ আসামিদের বিরুদ্ধে মামলা না নিয়ে উল্টো আমাদের হাজতে রাখার ভয় দেখায়। আসামিদের ভয়ে আমরা পাঁচ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছি।’ অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘ময়নাল জোর করে আমাদের জমিতে বাড়ি করেছিল। আমরা জমি দখল করেছি। তবে কাউকে মারধর বা বাড়িঘর ভাঙচুর করিনি।’ গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি মেম্বার সাহেব জমির দখল নিয়েছেন। মারধরের কথা আমাদের কেউ জানায়নি।’