গুরুদাসপুরে ইটভাটায় শিশু শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরের একটি ইটভাটায় কাজ করছে তিন শিশু শ্রমিক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নাটোরের গুরুদাসপুরের একটি ইটভাটায় কাজ করছে তিন শিশু শ্রমিক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বই-খাতা নিয়ে তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা। কিন্তু শিশু অবস্থায় সংসারের বোঝা মাথায় চেপেছে। বাধ্য হয়ে এসব শিশু-কিশোরকে ইটভাটায় কাজ করতে হচ্ছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার অনেক ভাটায় শিশুশ্রমে তৈরি হচ্ছে ইট।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে নয়টি ইটভাটা চালু রয়েছে, যার একটিরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো হলো এমজেডএম ব্রিকস, ভাই ভাই এন্টারপ্রাইজ, আবুল খায়ের ব্রিকস, আবদুর রহিম ব্রিকস, বাদশা প্রামাণিক, এএমবি ব্রিকস, এমজেডবি, এমডিবি ব্রিকস ও এসএআর ব্রিকস। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের পর এই উপজেলার কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হয়নি।
সম্প্রতি গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় গিয়ে দেখা যায়, সেখানে ছয়টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটার পাশে রয়েছে জনবসতি ও ধানখেত। যদিও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, আবাসিক এলাকা ও কৃষিজমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এমজেডএম ব্রিকসে বয়স্কদের পাশাপাশি কাজ করছে কয়েকটি শিশু-কিশোর। এদের একজন রাকিবুল (৯)। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে। রাকিবুল জানায়, সে বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। একটি মামলায় তার বাবা কারাগারে রয়েছেন। সংসারে উপার্জনক্ষম কেউ নেই। প্রতিবেশী কাদের মোল্লার সঙ্গে সে এসেছে ইটভাটায় কাজ করতে। কাজ অনুযায়ী দিনে সে ১৫০ থেকে ২২০ টাকা আয় করে।
শিশুশ্রমের ব্যবহার সম্পর্কে ইটভাটার মালিক মনিরুল ইসলাম বলেন, ভাটায় তিনি সময় দিতে পারেন কম। তাঁর অন্য ব্যবসায়ী অংশীদারেরা ভাটা দেখভাল করেন। শিশুশ্রম বন্ধে তিনি ব্যবস্থা নেবেন।
মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, তমিজুল (১১) ও রাজু (৯) নামের দুই শিশু কাজ করছে। তারা জানায়, গ্রামের বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছিল। অভাবের কারণে এখন ইটভাটায় কাজ করছে। ওই ভাটার ব্যবস্থাপক আসমত উল্লাহ বলেন, শিশুদের অনুরোধের কারণে কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে।
মেসার্স আবুল খায়ের ব্রিকসে কাজ করে তিন কিশোর আরিফ, মনোয়ার ও রাজু। তারা জানায়, সংসারের অভাব মেটাতে সপ্তাহে চার দিন ইটভাটায় কাজ করে আর তিন দিন স্কুলে যায়।
উপজেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, ‘অনেক শ্রমিক এসব ইটভাটা ঘিরে জীবিকা নির্বাহ করেন। আমাদের অসংগতিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময় প্রার্থনা করেছি। আগামী শীতের আগেই সব সমস্যার সমাধান হবে।’ ভাটায় শিশু শ্রমিকের বিষয়ে তাঁরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান।
ইউএনও মোছা ইয়াসমিন আক্তার বলেন, এসব ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। পৌরসভা থেকে ইটভাটাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ভাটার মালিকেরা ভাটা সরিয়ে নেওয়াসহ পরিবেশ ছাড়পত্র নেওয়ার অঙ্গীকার করেছেন।
পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মামুনুর রশিদ বলেন, সারা দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। খোঁজখবর নিয়ে গুরুদাসপুরেও ব্যবস্থা নেওয়া হবে।