গুরুদাসপুরে এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ
নাটোরের গুরুদাসপুর পৌর শহরে ছাত্রলীগের একদল কর্মী ভাড়া খেটে এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার নাটোর বিচারিক হাকিমের আদালতে সাতজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন ব্যবসায়ী বরকত মণ্ডল, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর কাউন্সিলর কালাম ফকির এবং স্থানীয় ছাত্রলীগের কর্মী আশরাফ শেখ, মিন্টু শেখ, ময়নুল ও তৌহিদুল। মামলার নথি সূত্রে জানা গেছে, ৩ মার্চ সকাল ১০টার দিকে ওই মহল্লার বস্ত্র ব্যবসায়ী বরকত মণ্ডলের হুকুমে ছাত্রলীগের ওই স্থানীয় নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কুদ্দুস খাঁর বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা নগদ ৩০ হাজার টাকা, টেলিভিশন, টেবিল ফ্যানসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করেন এবং কুদ্দুসের বসতবাড়ি গুঁড়িয়ে দেন। কুদ্দুস খাঁ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের ভাড়া করে তাঁকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করার পর থেকে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি জানান, ব্যবসায়ী বরকত মণ্ডলের সঙ্গে তিনি ১৯৯৮ সালে তিন শতক ভূমি দলিলমূলে বিনিময় করেন। এর পর থেকে তিনি ওই জমিতে বসবাস করছেন। সম্প্রতি বরকত মণ্ডল ওই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। এরপর কুদ্দুস খাঁ গুরুদাসপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। মামলাটির এখনো নিষ্পত্তি হয়নি। মামলা করার পর থেকে বরকত মণ্ডল আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণ নাশের হুমকি দিলে নিরাপত্তা চেয়ে গুরুদাসপুর থানায় গত ২৪ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন কুদ্দুস খাঁ।