গুরুদাসপুরে কুলচাষি ব্যবসায়ীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের কারণে পরিবহন ও ক্রেতাসংকটে অন্তত ১০ কোটি টাকার লোকসানে পড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর ও বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ের কুল আড়তের চাষি ও ব্যবসায়ীরা।

কুল ব্যবসায়ী সূত্র জানায়, বনপাড়া আড়তে নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে কুল আসে। দেশের এ অবস্থার মধ্যে এখানে প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার কুল বেচাকেনা হলেও স্বাভাবিক পরিবেশে দেড় থেকে দুই কোটি টাকার বেচাকেনা হতো।

গতশুক্রবার সরেজমিনে দেখা যায়, বনপাড়ার আড়তে শতাধিক চাষি কুল নিয়ে এসেছেন। বেচাকেনা চলছে। বিভিন্ন আড়তে কর্মচারীরা কুল বাছাই করে মান অনুসারে বস্তাজাত ও প্যাকেটকরছেন। একই রকম চিত্র গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর আড়তেও।

তিনজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, বনপাড়ায় এবার ২৯টি আড়ত বসেছে। আর বেড়গঙ্গারামপুরে বসেছে নয়টি আড়ত। এই দুটি এলাকা থেকে কুল ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যায়।

বনপাড়া ফলভান্ডারের আড়তদার জামিল হোসেন জানান, উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে চাষিরা চায়না, থাই, বাউ ও আপেল কুল এই আড়তে নিয়ে আসেন। পাইকারেরা অনেক সময় সরাসরি বাগান থেকে কুল কেনেন। কুল ওজনের পর প্যাকেট হয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। প্রতি মণ চায়না কুল ৮০০ টাকা, বাউকুল ৪০০ থেকে ৬০০ টাকা ও আপেল কুল ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। এখানে প্রতিদিন আট থেকে দশ ট্রাক কুল বেচাকেনা হচ্ছে। তবে গতবছর প্রতিদিন ১৬ থেকে ২০ ট্রাক কুল বেচাকেনা হতো।

রাজশাহীর গোদাগাড়ীর কুলচাষি বকুল জানান, স্বাভাবিকভাবে প্রতি মণ কুল আনতে খরচ হতো ৫০ টাকা, অবরোধের কারণে সেই ভাড়া নিচ্ছে ১২০ টাকা। আবার ১ হাজার ২০০ টাকা মণের চায়না কুল ক্রেতাসংকটে বিক্রি করতে হচ্ছে ৮০০ টাকা দরে। এতে চাষিদের লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে।

নোয়াখালীর কুল ব্যবসায়ী লিটন হোসেন বলেন, ‘আমি প্রতিদিন ২০০ মণ কুল কিনি। প্রতি মণ কুল পরিবহনে ভাড়া ১৫০ টাকা হলেও এখন ৩০০ টাকা করে দিতে হচ্ছে। তার পরও ঠিকমতো ট্রাকভাড়া পাওয়া যাচ্ছে না। আবার খরচ বেশি পড়ায় কুল বিক্রি করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তাই ব্যবসায় আগ্রহ থাকছে না। এ কারণে আগের মৌসুমে প্রতিদিন ৪০০ মণ কুল কিনলেও এখন ২০০ মণ কিনতে হচ্ছে।’

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ২০০৯ সালে স্থানীয় কুলচাষিদের উদ্যোগে বনপাড়ায় দেশের সবচেয়ে বড় এই বাজার গড়ে ওঠে। আগে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার কুল কেনাবেচা হলেও টানা অবরোধ আর হরতালের কারণে তা অর্ধকোটিতে নেমে এসেছে। এতে কুলচাষি ও বিক্রেতারা এবার অন্তত ১০ কোটি টাকা লোকসানে পড়বেন।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এবার উপজেলায় ২০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। বাইরে থেকে ক্রেতা না আসায় প্রতি মণ কুল গত বছরের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা কমে বিক্রি হচ্ছে।