গুরুদাসপুরে খাল দখলমুক্ত করতে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাজারসংলগ্ন খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল মঙ্গলবার সকালে শুরু হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবিরের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
ওই অবৈধ স্থাপনার বিষয় নিয়ে গত সোমবার প্রথম আলোতে ‘খাল দখলের প্রতিযোগিতা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল প্রশাসন অভিযানে নামে।
গতকাল দুপুরে এই প্রতিবেদক ঘটনাস্থলে গেলে আলমগীর কবির জানান, দখলকারী আবদুল শাহর চারতলার কংক্রিটের স্তম্ভ, মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের কংক্রিটের ভিত এবং আবদুল কুদ্দুসের বিপণিবিতানের ছয়টি কক্ষ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিকেলে অভিযান শেষ হয়। তবে যাঁরা আগেই খাল দখল করে দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করে বসবাস করছেন, তাঁদের আইনি প্রক্রিয়ায় সময়সাপেক্ষে উচ্ছেদ করা হবে।
জরিপকারী আমিনুল ইসলাম জানান, প্রাথমিক মাপজোখে দেখা গেছে, ৯০ শতক খাল ৬০ থেকে ৬৫ জন লোক অবৈধ দখলে নিয়েছেন। গতকাল প্রায় ২৭ শতক জায়গা দখলমুক্ত করা হয়। পর্যায়ক্রমে বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
অবৈধ দখলকারী আবদুল শাহ ও আবদুল কুদ্দুস বলেন, খালটির অস্তিত্ব না থাকায় তাঁরা প্রায় ২০ বছর ধরে জায়গাটি দখলে রেখেছেন। সরকারিভাবে জায়গাটি ইজারা দেওয়া হলে তাঁরা উপকৃত হবেন। একই সঙ্গে সরকারও রাজস্ব পাবে।
তবে এ ব্যাপারে আলমগীর কবির জানান, এই মুহূর্তে জায়গাটি ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারি বিধিমোতাবেক এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।