গুরুদাসপুরে খুনের জের, ৬২টি ঘর ভাঙচুর ও লুটপাট
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামে একটি খুনের ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন ২২টি পরিবারের ৬২টি ঘর ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাট করেছে। বুধবার রাত থেকে দুই দিনে এ ঘটনা ঘটে। আতঙ্কে এসব পরিবারের নারী-পুরুষ গ্রাম ছেড়ে পালিয়েছে।গুরুদাসপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে বিলহরিবাড়ি গ্রামের আবদুল গফুরকে বেধড়ক পেটান একই গ্রামের খায়রুল বাশার ও তাঁর অনুসারীরা। এর প্রতিবাদে ওই দিন দুপুরে আবদুল গফুরের সমর্থকেরা হামলা করলে খায়রুল বাশার (৩২) নিহত হন। শুক্রবার তাঁর চাচা আবদুল জব্বার বাদী হয়ে আবদুল গফুরসহ ওই গ্রামের ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন।গত শনিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, আবদুল গফুর ও তাঁর সমর্থকদের ২২টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো বাড়িতেই নারী-পুরুষের দেখা মেলেনি। দুর্বৃত্তরা যেসব বাড়ির ঢেউটিন খুলে নিয়ে যেতে পারেনি, সেগুলো শাবল দিয়ে ঝাঁঝরা করে রেখে গেছে। নলকূপগুলো ভেঙে ফেলেছে। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীতে অনেক বাড়ির লেপ-তোশক, কাঁথা-বালিশ ফেলে দেওয়া হয়েছে।হত্যা মামলার প্রধান আসামি আবদুল গফুরের আত্মীয় মইনুল ইসলামকে দেখা যায় তাঁর বাড়ির আঙিনায়। মইনুল ইসলাম অভিযোগ করেন, গুরুদাসপুর থানার পুলিশ বুধবার খুনের ঘটনার পরপরই ওই গ্রাম ঘিরে রাখে। সন্ধ্যার আগেই অভিযুক্ত কলেজছাত্র মহসিন আলী ও প্রবীণ শমসের আলীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সন্ধ্যার পর পুলিশ অজ্ঞাত কারণে গ্রাম থেকে ফিরে যায় এবং এর পরপরই নিহতের স্বজনসহ অর্ধশতাধিক দুর্বৃত্ত ২২টি পরিবারের ৬২টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা পুলিশের বড় এক কর্মকর্তার আত্মীয়। নিহত খায়রুল বাশারের ভাই রওশন আলী বলেন, ‘প্রতিপক্ষ আমার ভাইকে হত্যা করেছে। আমরা তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করিনি।’গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাশার খুনের দিন এবং শনিবার আরও একজনের মৃত্যুর গুজবে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। মাঝের দুই দিন পুলিশ ছিল না। সে সময় ভাঙচুর ও লুটপাট হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।