গুরুদাসপুরে গরু চুরি বাড়ায় চলছে রাত জেগে পাহারা
চাকরি থেকে অবসর নেওয়ার পর পাওয়া টাকায় নয়টি গরু কিনে খামার গড়ে তুলেছিলেন সাবেক সেনাসদস্য আল মামুন। গত বছরের ১২ অক্টোবর রাতে গরুগুলো চুরি যায়। এতে পথে বসেন তিনি। গরুগুলো উদ্ধারে থানায় মামলা ও র্যা বের সহযোগিতা নিয়েও লাভ হয়নি। নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা আল মামুন।
শুধু সেনাসদস্য আল মামুনই নন, তাঁর মতো উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রামগুলো থেকে প্রায় প্রতি রাতেই কৃষকের গোয়াল থেকে গরু চুরি হচ্ছে।
থানা-পুলিশ ও ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার মাস ধরে উপজেলার বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, নাজিরপুর, চাপিলা ও ধারাবারিষা ইউনিয়ন থেকে গরু চুরি হচ্ছে। চুরি করা গরুগুলো শ্যালোচালিত নছিমন, করিমন, ট্রাক ও কাভার্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছে চোরের দল। গোয়াল থেকে বের করে কীভাবে নিঃশব্দে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তা কেউ বলতে পারছে না।
মশিন্দা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গত বছরের অক্টোবরে অবসরপ্রাপ্ত সাবেক সেনাসদস্য আল মামুনের নয়টি গরু চুরি হওয়া ছাড়াও গত চার মাসে এ ইউনিয়নের বাহাদুরপাড়া, বিলবিয়াসপুর, মশিন্দা গ্রাম থেকে অন্তত ১৫ জন কৃষকের ৪০টি গরু চুরি হয়েছে। তাঁদের মধ্যে শুধু আল মামুন মামলা করেছেন। অন্যরা বাড়তি ভোগান্তি এড়াতে আর পুলিশের দ্বারস্থ হননি। তাঁরা বরং এখন নিজেরাই রাত জেগে পাহারা বসিয়েছেন।
ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, উপজেলায় মাদকসেবীর সংখ্যা বাড়ায় গরু চুরি বেড়েছে বলে তিনি মতপ্রকাশ করেন।
আকস্মিকভাবে গরু চুরি বেড়ে যাওয়ার কারণ হিসেবে ওসি দিলীপ কুমার দাস বলেন, অক্টোবর থেকে শীত শুরু হয়। রাতও অপেক্ষাকৃত দীর্ঘ হয়। মানুষ গভীর ঘুমে অচেতন থাকে। তা ছাড়া বন্যার পানি নেমে যাওয়ায় গ্রামের রাস্তাগুলোও শুকিয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরের দল সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে উপজেলার ওপর দিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চলে যাওয়ায় স্থানীয় চোর দলের সঙ্গে আন্তজেলা গরুচোর দল সংঘবদ্ধ হয়ে কাজ করে। তিনি আরও বলেন, স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে গ্রামে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।