গুরুদাসপুরে চাচা ও ভাতিজা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী শাহপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন আমির হোসেন শাহ (৪৫) ও তাঁর ভাতিজা ইয়ারুল ইসলাম (৩৬)। হামলায় শাহজাহান আলী শাহ, আহম্মেদ আলী শাহ, তাঁর স্ত্রী জরিনা খাতুন, জরীপ ও জাকির হোসেন নামের পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শাহজাহান আলী শাহ, আহম্মেদ আলী শাহ ও তাঁর স্ত্রী জরিনা খাতুনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের গুরুদাসপুর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুদাসপুর হাসপাতালের চিকিৎসক প্রিয়াংকা মৈত্র জানান, তাঁদের অবস্থা সংকটাপন্ন।নিহত ব্যক্তিদের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আমজাদ হোসেন, হাফিজুল ও ইয়ারউদ্দিনের সঙ্গে নিহত আমির হোসেনের চাচাতো ভাই শাহজাহান আলী শাহর পারিবারিক বিরোধ চলে আসছিল। আমজাদের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে গতকাল সকালে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মানিকপুর হাটে আমজাদ হোসেনের জামাতা মঈনুল ইসলামের সঙ্গে আমির হোসেনের ভাই আহম্মেদ আলীর বচসা হয়। পরে মঈনুল এলাকায় গিয়ে আমজাদকে বিষয়টি জানান। ঘটনা শুনে আমজাদ ইউসুফ, হাফিজুল, ইয়ার উদ্দিন, মঈনুলসহ ৫০-৬০ জন লোক নিয়ে আহম্মেদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আহম্মেদের চাচাতো ভাই আমির হোসেন ও তাঁর ভাতিজা ইয়ারুল ইসলামসহ ১০-১২ জন তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে আমজাদ হোসেনের লোকজন রামদা, হাঁসুয়া, ফলাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হন। তাঁরা আমির হোসেন ও তাঁর ভাতিজা ইয়ারুলকে ধরে শাহজাহানের বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করেন।ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগেও তাঁদের বিরোধ নিয়ে অনেকবার সালিস হয়েছে। গতকাল তাঁদের মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। এর জের ধরেই আমির ও ইয়ারুল খুন হন। অভিযুক্ত আমজাদ হোসেনের বাড়িতে গেলে আমজাদের ছেলে ইউনুসের স্ত্রী হাজেরা খাতুন বলেন, ‘ঘটনার পর থেকে সবাই বাড়িছাড়া।’গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মূল অভিযুক্ত আমজাদ হোসেন আহত অবস্থায় গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।