গুরুদাসপুরে ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, একজনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুর উপজেলার ওপর দিয়ে গত শনিবার বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ৩৫৮টি কাঁচা-আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি আম-লিচু ও পাকা-আধা পাকা ধানসহ তরমুজ ও বাঙ্গি নষ্ট হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। এতে মনজিল (৩৫) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ৩৫৮টি কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে নাজিরপুর ইউনিয়নে ৩০টি, বিয়াঘাটে ৯২টি, খুবজীপুরে ৩১টি, মশিন্দায় ৩৫টি, ধারাবারিষায় ১১০টি, চাপিলাতে ৩০টি এবং পৌরসভায় ৩০টি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম বলেন, ঝড়ে আম, লিচু, কলা, ভুট্টা ও উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর (গুরুদাসপুর) ডিজিএম আবদুল হালিম বলেন, ঝড়ের তাণ্ডবে গাছের ডালপালা ভেঙে সমিতি এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। গতকাল রোববার উপজেলা সদরে স্বল্পপরিসরে বিতরণ ব্যবস্থা চালু করা গেলেও গ্রাম পর্যায়ে ঠিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন বলেন, ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে জেলা প্রশাসককে জানানো হয়েছে।