গুরুদাসপুরে ঝড়ে শ্রমিকের মৃত্যু, লালমনিরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে আজ শনিবার বিকেলে কাল বৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মনজিল হোসেন (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

লালমনিরহাটে গতকাল শুক্রবার রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে দুই হাজার ১৭৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এবং খুঁটি উপড়ে যাওয়ায় জেলা শহরসহ আশপাশের এলাকা ২৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আড়াই হাজার পরিবার। শুক্রবার রাত আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লালমনিরহাটের সদর উপজেলা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ে ছোট বড় অসংখ্য গাছ ভেঙে পড়ে।

গুরুদাসপুরে নিহত কৃষি শ্রমিক মনজিল হোসেনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাহপাড়া উপজেলার হরিণচড়া গ্রামে। গুরুদাসপুরের কান্দিপাড়া গ্রামে ধান কাটার কাজ করতে এসে মারা গেলেন তিনি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হওয়া ঝড়ে মাঠের পাকা ধান, আম লিচুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয় থেকে জানা গেছে, ওই তিন উপজেলার প্রায় দুই হাজার ১৭৫ হেক্টর জমির ধান, পাট, ভুট্টা ও শাকসবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

লালমনিরহাট বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ঝড়ে বিদ্যুতের ১৮টি খুঁটি উপড়ে বা ভেঙে পড়েছে। জেলা শহরের ৩০০টি স্থানে তার ছিঁড়ে গেছে। বিদ্যুতের তারের ওপর গাছ ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় অন্যত্র থেকে বাড়তি জনবল ও যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, লালমনিরহাট পৌরসভাসহ তিনটি উপজেলার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে তিন দিন লেগে যেতে পারে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিধু ভূষণ রায় বলেন, ঝড় ও শিলাবৃষ্টির কারণে ধান খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানে চিটার পরিমাণ কিছুটা বাড়তে পারে। ভুট্টা, পাট এবং শাকসবজির গাছ মাটিতে পড়ে যেতে পারে। তবে অবস্থা স্বাভাবিক হলে গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় মাথা তুলে দাঁড়াবে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ভেঙে যাওয়ায় আড়াই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করার পর ত্রাণ কার্যক্রম চালানো হবে।

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, শুক্রবার রাতের ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য করণীয় নির্ধারণে জেলা পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। ত্রাণ সহায়তার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।