গুরুদাসপুরে তিনটি ঘর পুড়ে ছাই
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোযেন্দ্রনগর গ্রামে গত সোমবার রাতে রেজাউল করিম নামের এক নির্মাণশ্রমিকের তিনটি ঘর ও যাবতীয় আসবাব পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, পুর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীরা তাদের ঘরে আগুন দিয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, প্রতিবেশী কাশেম আলীর সঙ্গে রেজাউলের বিরোধ ছিল। এর জের ধরেই সোমবার রাত সোয়া নয়টার দিকে তাঁর ঘরের বেড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে একটি রান্নাঘর, দুটি শোবার ঘরসহ যাবতীয় মালামাল ও প্রায় ২০ হাজার টাকা পুড়ে যায়। তবে কাশেম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, একই ভিটেতে লাগালাগি তাঁর বসতঘর। তাঁর সঙ্গে রেজাউলের কোনো বিরোধ নেই। চুলার আগুন থেকেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ওই আগুনে রেজাউলের দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।