গুরুদাসপুরে দরিদ্রের চাল ধনীর ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়নের বীরবাজারের এই দোকানের (ওপরের ছবি) মালিক রাশিদুল ইসলাম। আর চন্দ্রপুর গ্রামের নির্মাণাধীন বাড়িটির মালিক মোয়াজ্জেম হোসেন। দুজনই পেয়েছেন হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া চালের কার্ড।  ছবি দুটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ইউনিয়নের বীরবাজারের এই দোকানের (ওপরের ছবি) মালিক রাশিদুল ইসলাম। আর চন্দ্রপুর গ্রামের নির্মাণাধীন বাড়িটির মালিক মোয়াজ্জেম হোসেন। দুজনই পেয়েছেন হতদরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া চালের কার্ড। ছবি দুটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের জন্য দেওয়া সরকারের ১০ টাকা কেজি দরের চাল পেয়েছেন বিত্তশালী ব্যক্তিরা। চেয়ারম্যান শওকত রানা লাবু নিজের পক্ষের লোকজনকে সন্তুষ্ট করতে চাল দেওয়ার জন্য বানানো হতদরিদ্রদের তালিকায় বিত্তশালীদের নামও রেখেছেন। ইউনিয়নে ২ হাজার ৩০৫টি কার্ড বিতরণ করা হয়েছে।
এদিকে ইউপি চেয়ারম্যান শওকত রানার বিরুদ্ধে চালের কার্ড বিতরণে পক্ষপাত ও অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্য কর্মকর্তা বরাবর গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইউনিয়নের নয় ব্যক্তি এতে সাক্ষর করেন।
গুরুদাসপুরের ইউএনও ইয়াসমিন আক্তার অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারীদের অন্যতম আনছার আলী মোল্লা, আবদুর রশিদ ও মোজাম্মেল হক বলেন, হতদরিদ্র লোকজনকে ১০ টাকা কেজি দরের চাল না দিয়ে যাঁদের পাকা বাড়ি, জমি, পুকুর, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাঁদের দেওয়া হয়েছে। এসব বিত্তশালী ব্যক্তির অনেকেই কার্ডে পাওয়া চাল মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছেন। আবার কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য দরিদ্র লোককে চাল দিয়ে দিয়েছেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে অনুসন্ধান চালিয়ে অভিযোগকারীরা ১০ টাকা কেজি দরের চালের জন্য কার্ড পাওয়া ১২০ জনের একটি তালিকা করেছেন। ওই তালিকায় বিত্তশালী ব্যক্তি রয়েছেন ৬৫ জন। এ ছাড়া কার্ড দেওয়া হয়েছে একই পরিবারের সাতজনকে, দুটি করে কার্ড পেয়েছেন সাতজন, ছয়টি পরিবারের স্বামী-স্ত্রী দুজনই এবং এক পরিবারের বাবা, ছেলে ও মেয়ে তিনজনই কার্ড পেয়েছেন।
প্রথম আলোর পক্ষ থেকে ইউনিয়নের চন্দ্রপুর (মাঝপাড়া) গ্রামের বিশু মিয়া (তালিকার ৪০৫ নম্বর সদস্য) বাড়িতে গিয়ে দেখা গেছে, সাদা রঙের পাকা বাড়ি। তাঁর ছেলে মনজু বলেন, তাঁদের ৮-১০ বিঘা জমি রয়েছে। সংসারে অভাব নেই। চেয়ারম্যানের পক্ষে ভোট করায় একটি কার্ড দেওয়া হয়েছে।
তালিকার ৫৭০ নম্বর সদস্য রাশিদুল ইসলাম। তাঁর বাবার নাম আ. রাজ্জাক। চন্দ্রপুর বীর বাজারে তাঁদের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নতুন পাকা বাড়িরও তৈরি হচ্ছে। রাশিদুলের বাবা বলেন, তাঁর ছেলে একজন প্রকৌশলী, ঢাকায় থাকেন। আরেক ছেলে চাকরি করেন। তবে হতদরিদ্রদের কার্ড পাওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এই তালিকায় তাঁর নাম থাকায় তিনি লজ্জিত।
তালিকায় নাম থাকা আরও অন্তত সাত ব্যক্তির কথা বলে জানা গেছে, তাঁদের ব্যবসা-বাণিজ্য রয়েছে। তবে ভোটের সময় তাঁরা চেয়ারম্যানকে নানাভাবে সহায়তা করেছেন। তাই চেয়ারম্যান ভালোবেসে তাঁদের ওই ১০ টাকা কেজির চালের কার্ড দিয়েছেন। পরে লোক দিয়ে তাঁরা সেই চাল তুলেছেন।
এদিকে চেয়ারম্যান শওকত রানা লাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ভুল করে হয়তো দু-একটা কার্ড অবস্থাসম্পন্ন কেউ পেতে পারেন। কিন্তু এ চালের কার্ড হতদরিদ্র ব্যক্তিদেরই দেওয়া হয়েছে। এলাকায় তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে প্রতিপক্ষের লোকজন তাঁর নামে এসব অপপ্রচার চালাচ্ছেন বলে উল্টো অভিযোগ করেন তিনি।