গুরুদাসপুরে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে চাঁদা আদায়ের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের নির্দেশে গত মঙ্গলবার রাতে পাঁচপুরুলিয়া গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন অনুষ্ঠান থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন শরিফুল ইসলাম (৪০) ও সাবু (৪১)। তবে একই ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের ২১ পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে চাঁদা আদায়কারী ইউনুস আলী ও মনিরুল ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি সাংসদ ও পুলিশ। এ নিয়ে গত ১৮ মার্চ প্রথম আলোতে ‘দুপুরে বিদ্যুৎ-সংযোগ, সন্ধ্যায় সাংসদের নির্দেশে বিচ্ছিন্ন?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরদিন পুনঃসংযোগ দেয় নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস পাঁচপুরুলিয়া গ্রামে ১৩০টি পরিবারে নতুন সংযোগ উদ্বোধন করতে যান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সাংসদের কাছে অভিযোগ করেন, পাশের পুরুলিয়া গ্রামে ১৫টি পরিবারে বিদ্যুৎ-সংযোগের নামে ওই গ্রামের শরিফুল ও সাবু বিদ্যুতের সংযোগপ্রত্যাশী প্রতি পরিবার থেকে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা করে চাঁদা আদায় করেছেন। অনুষ্ঠান শেষে সাংসদ আবদুল কুদ্দুস মুঠোফোনে অভিযুক্ত দুজনকে মঞ্চে ডেকে পাঠান। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে চাঁদার টাকা আদায় করার কথা স্বীকার করেন তাঁরা। থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে চাঁদার ৬০ হাজার টাকা আদায় করে শরিফুল ও সাবুকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে সাংসদ আবদুল কুদ্দুসে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। পরে সাংসদ আবদুল কুদ্দুসের পিএস ইব্রাহিম হোসেন বলেন, আগামী সপ্তাহে ভুক্তভোগী পরিবারগুলোতে সংযোগ উদ্বোধনের সময় আদায়কৃত টাকাগুলো তাদের ফেরত দেওয়া হবে। তিনি সাংসদকে উদ্ধৃত করে আরও বলেন, সাংসদের সুনাম ক্ষুণ্ন করতে গ্রামের টাউট প্রকৃতির কিছু ব্যক্তি গ্রামের মানুষের সরলতার সুযোগে এসব অপকর্ম করছেন। তবে বিদ্যুৎ সংযোগসহ অন্য বিষয়ে কাউকে চাঁদা না দেওয়ার বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন সাংসদ। বৃন্দাবনপুর গ্রামে সাংসদের নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারীদের বিষয়ে তদন্ত চলছে।