গুরুদাসপুরে দুজন খুন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার বিলহড়িবাড়ি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে আবুল বাশার (৩৬) নামের এক ব্যক্তি খুন হন। অপর দিকে, গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লায় আমেনা (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে আমেনার স্বামী সেলিম পলাতক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলহড়িবাড়ি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন বাশারের বাড়িতে ঢুকে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাশারকে ফলাবিদ্ধ করা হয়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক প্রসাদ কুমার জানান, ফলাবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে বাশরের মৃত্যু হয়। ওই চিকিৎসক হাসপাতালে মৃত অবস্থায় বাশারকে পেয়েছেন।পাবনার সাঁথিয়া উপজেলার ডাঙ্গামাছ গ্রামের আবুল কাশেমের মেয়ে আমেনার ভাই আমিরুল ইসলাম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সেলিমের সঙ্গে আমেনার বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। সেলিম একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেন।আমিরুল ইসলাম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সেলিম আমেনাকে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে আমেনাকে শ্বাসরোধে হত্যা করে সেলিম পালিয়ে যান।গতকাল বিকেলে গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল হক দুটি হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।