গুরুদাসপুরে নদীতে ফেলা হচ্ছে বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ময়লা-আবর্জনা শহরের বুক চিরে বয়ে যাওয়া নন্দকুঁজা নদীতে ফেলা হচ্ছে। এতে এ নদীর পানি দূষিত হচ্ছে, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।নন্দকুঁজা নদীর তীরে গড়ে উঠেছে চাঁচকৈড় বন্দর ও গুরুদাসপুর হাট-বাজার। প্রতিদিন ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। হাট-বাজার ও বাড়িঘরের আবর্জনা তাঁরা গাড়িতে করে নিয়ে ফেলেন নন্দকুঁজার তীরে। নদীটির চাঁচকৈড় বাজারের রসুন হাট, সাহাপাড়া ঘাট, বামনকোলা ও গুরুদাসপুর বাজার ঘাট এলাকায় ফেলা হয় এসব আবর্জনা।গত ১১ নভেম্বর সকালে শহরের রসুনহাট এলাকায় গিয়ে দেখা গেছে, পরিচ্ছন্নতাকর্মীরা ফেলে যাওয়ার পর কুকুর ও কাকের দল আবর্জনা নিয়ে টানাটানি করছেন। এতে আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। দুর্গন্ধে এলাকায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। স্থানীয় চায়ের দোকানি রুহুল ও বেলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এভাবে নদীতে আবর্জনা ফেলা হচ্ছে। এতে নদীটি ভরাট হয়ে যাচ্ছে। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী ওমর আলী শেখ ও প্রশান্ত কুমারমানী জানান, নদীটি শহরের প্রাণ। এটিকে ঘিরেই গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। অথচ নদীটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না, এটা দুঃখজনক।গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই এই নদীতে আবর্জনা ফেলা হচ্ছে। নদীর ক্ষতির বিষয়টি ভেবে দেখা হয়নি। ভবিষ্যতে শহরের ভেতরে বা বাইরের কোনো ডোবা-নালায় বর্জ্য ফেলার উদ্যোগ নেওয়া হবে।