গুরুদাসপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা
পরিদর্শক পদে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুদাসপুর সহকারী জজ আদালতে এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে।
সাবেক পরিদর্শক আবদুল মোতালিব আনাম গত ১৫ জানুয়ারি প্রথম মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, আবদুল মোতালিব আনামের মাসিক বেতন থেকে সিপিএফের (কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড) টাকা কাটা হয়। কিন্তু তা পরিশোধ না করে তাঁকে জোরপূর্বক অবসর দিয়ে দেয় কর্তৃপক্ষ। আদালত মামলার পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি পরিদর্শক পদে কর্মচারী নিয়োগ দিতে নিষেধাজ্ঞা দেন।
মামলায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ লিমিটেড) সভাপতি মো. শাহজাহান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. হাসানুজ্জামান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নাটোরের উপপরিচালক ও ঢাকার মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। কিন্তু এ আদেশ অমান্য করে বিশেষ সুবিধা নিয়ে শাহজাহান আলী ও হাসানুজ্জামান ২৩ জানুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ওই দিনই পলাশ চন্দ্র সরকারকে নিয়োগ দেন।
এদিকে ১৭ জানুয়ারি বিধিবহির্ভূতভাবে নিয়োগ-প্রক্রিয়া শুরু করায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালনা কমিটির নির্বাচিত পরিচালক সফুরা আনাম, আবদুল মজিদ, মজিবর রহমান, মোজাফফর হোসেন ও আবু বক্কার সিদ্দীক যৌথভাবে একই আদালতে চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে ১২ ফেব্রুয়ারি পলাশ চন্দ্র সরকারের নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা পাঁচজন আবার একটি মামলা করেন। এ ব্যাপারে হাসানুজ্জামান বলেন, বিধি অনুসরণ করেই পরিদর্শক পদে পলাশকে নিয়োগ দেওয়া হয়। মামলার বাদীরা তাঁদের হয়রানি করতে এসব মামলা করেছেন। মামলাগুলো তাঁরা আইনগতভাবে মোকাবিলা করছেন। শাহজাহান বলেন, নিয়মতান্ত্রিকভাবেই পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।