গুরুদাসপুরে পৌরসভা চত্বর থেকে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৮২ লাখ টাকার কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে দেশি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দরপত্র সুষ্ঠুভাবে জমা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বেলায়েত পারভেজ (৩৮) ও আসাদ (২২)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলায়েতকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর আসাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শরীফ জানান, ওই দুই ব্যক্তি সন্দেহজনকভাবে উপজেলা চত্বরে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁদের শরীর তল্লাশি করে চাপাতি, চাকু ও একটি হাতুড়ি এবং গাঁজা পাওয়া যায়। র‌্যাব তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেলায়েতকে গতকালই আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসাদকে রাখা হয়েছে থানাহাজতে।গুরুদাসপুর পৌরসভার ২৫টি প্যাকেজের প্রায় ৮২ লাখ টাকার কাজের দরপত্র জমা নিয়ে গত মঙ্গলবার থেকে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ ব্যাপারে গতকাল প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।