গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। কালীবাড়ি পূজামণ্ডপ কমিটির সভাপতি মাধবশীল ও সাধারণ সম্পাদক শ্রী মদন কর্মকার বাদী হয়ে গত শনিবার মামলাটি দায়ের করেন।
মামলার আসামি গুরুদাসপুরের খিজিরশাহ (৫০), তাঁর ছেলে ট্রাকচালক জাহিদ হোসেন (২১), ওমর খন্দকার (২৩) ও আনসার সদস্য রজিবকে (৫০) গত শুক্রবার সন্ধ্যায় এবং নয়ন ইসলাম (১৮) ও নান্নুকে (২২) গত শনিবার রাতে গুরুদাসপুরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঁদের মধ্যে জাহিদ হোসেন, ওমর খন্দকার ও রজিবকে শনিবার রাতে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন গতকাল রোববার বলেন, ‘জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আগামী মঙ্গলবারের মধ্যে পুলিশ সুপার সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে প্রকৃত ঘটনা জানাবেন।’
তবে থানা-হাজতে আটক থাকাকালে অভিযুক্ত ব্যক্তিরা জানান, তাঁরা সবাই শ্রমজীবী মানুষ। পুলিশ অন্যায়ভাবে আটক করে তাঁদের ওপর দায় চাপাচ্ছে।
থানা-পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চার-পাঁচজনের একটি দল গামছায় মুখ ঢেকে উপজেলার চাঁচকৈড় কাচারীপাড়া কালীমন্দিরে ঢোকে। সেখানে দায়িত্বরত দুজন আনসার সদস্য বজলু ও রজিবকে মারধর করে দুর্বৃত্তরা ওই মন্দিরের প্রতিমা ভেঙে পালিয়ে যায়।