গুরুদাসপুরে ফসলি জমিতে ফের ইটভাটা
পরিবেশ আইন লঙ্ঘন করে নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে নতুন দুটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে উপজেলায় ফসলি জমিতে ইটভাটার সংখ্যা হয়েছে ১০। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইটভাটার জন্য গড়ে ছয় থেকে আট একর করে ফসলি জমি লাগছে। ফলে একরপ্রতি গড়ে ৭৫ থেকে ৮০ মেট্রিক টন ফসল উৎপাদন কমছে। সেই সঙ্গে হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ২০১০ সালের পরিবেশ আইন (সংশোধিত) অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মৌজার খোয়াড়পাড়া মহল্লায় প্রায় তিন একর কৃষিজমিতে গড়ে উঠছে নতুন ইটভাটা। জহুরুল ইসলাম, মনির হোসেন ও মদন কুণ্ডু নামের তিন ব্যক্তি যৌথভাবে ওই ইটভাটা নির্মাণ করছেন। এ ছাড়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ২ দশমিক ৭ একর কৃষিজমিতে গড়ে উঠছে অপর একটি ইটভাটা। ওই ইটভাটার মালিক রেজাউল হাসান। পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স পাওয়ার জন্য ২০১০ সালের পরিবেশ আইনেও বলা হয়েছে, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে কেউ ইটভাটা স্থাপন বা পরিচালনা করতে পারবে না। কিন্তু খোয়াড়পাড়া ইটভাটার মালিকেরা গুরুদাসপুর পৌরসভা ও শ্যামপুর গ্রামের ইটভাটার মালিক নাজিরপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ব্যবসার অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) নিয়ে ইটভাটার নির্মাণকাজ শুরু করেছেন। ইটভাটার মালিক জহুরুল ইসলাম ও রেজাউল হাসান দাবি করেন, ইটভাটার লাইসেন্স পেতে পরিবেশ অধিদপ্তর, নাটোর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁরা অনুমোদন পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন বলেন, ইটভাটার মালিকদের আবেদন ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দুটি ইটভাটাই তিনি ফসলি জমিতে গড়ে তুলতে দেখেছেন। এ জন্য তিনি কোনো সুপারিশ করেননি।