গুরুদাসপুরে বিএনপির প্রার্থীকে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেনকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারদলীয় মেয়র পদপ্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লার বিরুদ্ধে। এ অবস্থায় আমজাদ হোসেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের আবেদন করেছেন।মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেন জানান, গত রোববার রাত আটটার দিকে তিনি চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লায় গণযোগাযোগ করতে যান। এ সময় আওয়ামী লীগের শাহনেওয়াজ আলী মোল্লার ছোট ভাই ফারুক, আ সালাম মোল্লা, ভাতিজা জীবন মোল্লাসহ প্রায় ৩০ জনের একটি দল তাঁকে ঘেরাও করে। তারা ভয়ভীতি দেখায় এবং হুমকি দিয়ে তাঁকে ভোট চাইতে নিষেধ করে। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা তাঁকে উদ্ধার করেন। তা ছাড়া শাহনেওয়াজের কর্মীরা বিভিন্ন মহল্লায় তাঁর কর্মী-সমর্থকদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন বলেও আমজাদ হোসেন অভিযোগ করেন।এদিকে শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, ‘আমজাদ হোসেন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় আমার কর্মীরা বাধা দেন। তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি।’যোগাযোগ করা হলে রিটার্নিং অফিসার ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে থানার ওসিকে পদক্ষেপ নিতে বলেছি। সেনা মোতায়েনের আবেদনটিও পেয়েছি।’