গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা দক্ষিণপাড়ায় গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল গাফফার (৫৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধারাবারিষা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
গতকাল রোববার আবদুল গাফফারের মৃতদেহ দাফন করা হয়েছে।
মৃত গাফফারের ভাই স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান জানান, বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে আসা মিটারের ড্রপ তারটি ছেঁড়া ছিল। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে কয়েক দফায় মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার বিকেলে ওই তার থেকে আবদুল গাফফারের টিনের ঘর বিদ্যুতায়িত হয়৷ বেলা তিনটার দিকে গাফফার বাড়ির উঠানে টানানো লোহার তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর মা গহরজান (৭৫) ও ছোট ভাই আবদুল গনিও (৫৩) বিদ্যুৎস্পৃষ্ট হন। এঁদের মধ্যে আবদুল গনিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গতকাল রোববার বেলা দুইটা পর্যন্ত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর)-এর উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে চার-পাঁচবার ফোন করা হলেও তিনি ধরেননি৷