গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির দুটি শকুন উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির দুটি শকুন ধরা পড়েছে। শকুন দুটির ওজন ১২ থেকে ১৫ কেজি করে। এদের প্রতিটি পাখার দীর্ঘ সোয়া দুই হাত করে। গত শনিবার সন্ধ্যায় পৃথকভাবে কয়েকজন মিলে শকুন দুটি উদ্ধার করেন।
গতকাল রোববার পৌরসভার দুটি মহল্লার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে মধ্যমপাড়া মহল্লার একটি নারকেলগাছে একটি শকুন বসেছিল। হঠাৎ সেটি গাছ থেকে নিচের নালায় পড়ে যায়। এ সময় পাশের বাড়ির শামীম রেজা নামের এক তরুণ সেটিকে ধরে ফেলেন। পরে পরিবারের সহায়তায় কাঠের একটি খাঁচা বানিয়ে সেখানে শকুনটিকে রেখে দেন।
শামীম রেজা বলেন, খাবার হিসেবে শকুনটিকে একটি ব্রয়লার মুরগি দিয়েছেন। শকুনটি খাচ্ছেও।
অন্যটি ধরা পড়েছে মধ্যমপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পৌরসভার সাহাপুর মহল্লায়। মহল্লার তোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম, রানা ও রাজু নামে চার স্কুলছাত্র শকুনটিকে ধরে। তারা বলে, সন্ধ্যার কিছু আগে তারা প্রাইভেট পড়া শেষে গুমানী নদীর তীরে আড্ডা দিচ্ছিল। এমন সময় শকুনটি নদীর তীরে এসে বসে। এ সময় ধরতে গেলে সেটি উড়াল দেয়। কিন্তু হঠাৎ একটি তারে শকুনটির পাখা আটকে যায়। পরে তারা সেটি ধরে ফেলে। এখন মহল্লার একজনের বাড়িতে একটি ঝুপড়িঘরে শকুনটিকে পায়ে দড়ি বেঁধে রাখা হয়েছে।
উপজেলা বন কর্মকর্তা আবদুল বারী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সন্ধান পেলে উদ্ধার করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিপন্ন পরিবেশ ও খাদ্যাভাবের কারণে শকুন এখন বিপন্ন প্রাণী। খোঁজখবর নিয়ে তিনি এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান।