গুরুদাসপুরে বিলের সোঁতি উচ্ছেদ
নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ এড়াতে উপজেলার হাঁড়িভাঙ্গা বিলের জ্ঞানদানগর স্লুইসগেটে স্থাপন করা অবৈধ সোঁতি (মাছ ধরার ফাঁদ) উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সোঁতি উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সানাউল ফেরদৌস।গত ১৫ অক্টোবর হাঁড়িভাঙ্গা বিলের অবৈধ দখল নিতে গিয়ে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক শান্ত হয়। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ ওই দিন রাতেই উপজেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করে এলাকায় মাইকিং ও মিছিল করে। এ নিয়ে ১৬ অক্টোবর প্রথম আলোয় খবর ছাপা হয়।স্থানীয় খুবজীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নান্নু শিকদার জানান, অবৈধ সোঁতি উচ্ছেদের ফলে হাঁড়িভাঙ্গা বিলের কয়েক হাজার একর জমির উঠতি আমন ধান রক্ষা পেল।