গুরুদাসপুরে ভেজাল গুড় কারখানায় মিলল পচা ইঁদুর-টিকটিকি
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় মিলল মরা-পচা ইঁদুর, টিকটিকি, পোকামাকড় আর ময়লা-আবর্জনা। পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া এলাকায় এ রকম ভেজাল গুড় উৎপাদনকারী চারটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভেজালমিশ্রিত ১৪৫ লিটার ঝোলা গুড় নালায় ফেলে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তারের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর মাধবচন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কারখানার মালিক সুজন সোনার ও হাজী আসাদ সোনারকে ২০ হাজার টাকা করে এবং মুক্তার হোসেন ও হাজি বাদশা শাহকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ বলেন, এসব কারখানার মালিকেরা বাড়তি লাভের আশায় গুড়ে চিনিসহ নানা রকম রাসায়নিক পদার্থ মিশিয়ে গুড় বানাচ্ছেন।