গুরুদাসপুরে ভেজাল বীজ বিক্রেতাকে জরিমানা
নাটোরের গুরুদাসপুরের মশিন্দা বাজারের ভেজাল বীজ বিক্রেতা আবদুল খালেককে দুই লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপস্থিত ছিলেন। জরিমানার টাকা কৃষকদের মধ্যে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হয়েছে।
এদিকে গত বুধবার ভেজাল বীজ সম্পর্কে প্রথম আলোয় খবর প্রকাশের পর কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খেতগুলো পরিদর্শন করেন।
উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমানসহ প্রায় ৩০ জন বীজ বিক্রেতা খালেকের ‘হাসি এন্টারপ্রাইজ’ থেকে আমনের ব্রি-৪৮ জাতের বীজ কিনে জমিতে বপন করেছিলেন। কিন্তু ব্রি-৪৮ জাতের বীজের বদলে ব্রি-২৯ জাতের বীজ দেওয়া হয়েছিল। অসময়ে ওই বীজ বপন করায় ধানের চারা গজায়নি। ফলনও হয়নি। ওই ঘটনায় কৃষকেরা প্রতিকার চেয়ে ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইউএনওর নির্দেশে কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা মাঠে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বীজ বিক্রেতা আবদুল খালেককে জরিমানা করেন। একই সঙ্গে তাঁকে সরকারি অনুমোদন ছাড়া বীজ ও কীটনাশক বিক্রি না করতে সতর্ক করা হয়।