গুরুদাসপুরে মেয়রের দোকানঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার তোহাবাজারে খাসজমি দখল করে মেয়রের নির্মাণ করা নয়টি দোকান গতকাল রোববার ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
এলাকার অনেকে জানান, পৌরমেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা তোহাবাজারের খাসজমি দখল করে ওই নয়টি দোকানঘর নির্মাণ করে তা লাখ লাখ টাকায় বরাদ্দ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেন। খাসজমি হওয়ায় উপজেলা প্রশাসন থেকে মেয়রকে ওই দোকানঘর নির্মাণ না করার জন্য প্রথমে মৌখিক অনুরোধ করা হয়, পরে আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু কোনো কিছুই আমলে না নিয়ে তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনা নিয়ে গত শনিবার প্রথম আলোতে ‘অনুরোধ, নোটিশ কোনোটাই আমলে নেন না তিনি!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন প্রকাশের পর গতকাল উপজেলা প্রশাসন ওই দোকানগুলো ভেঙে ফেলে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার জানান, এখন থেকে ওই জায়গায় আগের মতোই বাজার বসবে। কাউকে ওই জায়গা দখল করতে দেওয়া হবে না।