গুরুদাসপুরে যুবলীগের কাউন্সিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর যুবলীগের কমিটি গঠন ছাড়াই শুক্রবার বিকেলে হট্টগোলের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন পণ্ড হয়ে গেছে। শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। বিকেল চারটার দিকে আলোচনা সভায় যুবলীগের নেতা শফিকুল ইসলাম দলের আভ্যন্তরীণ বিরোধ নিরসনের জন্য মাইকে সবার হাত উঁচিয়ে সমর্থন চান। উপস্থিত সবাই হাত উঁচিয়ে কোন্দল নিরসনের জন্য সমর্থনও জানান। কিন্তু এ সময় উপজেলা আওয়ামী লীগের কিছু সমর্থক তাঁদের ওপর সাংসদ আবদুল কুদ্দুসের সমর্থকদের নির্যাতনের বিষয়টি তুলে ধরলে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম তাঁদের কর্মী-সমর্থক নিয়ে মিছিলসহ অনুষ্ঠান ত্যাগ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান বলেন, ‘সাংসদ আবদুল কুদ্দুস প্রায় তিন বছর ধরে দলের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে বিরোধ সৃষ্টি করে রেখেছেন। এ নিয়ে দলের মূল ধারার কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। যুবলীগের কাউন্সিলকে পুঁজি করে গুরুদাসপুরে এসেছেন এবং জেলা নেতৃবৃন্দের মাধ্যমে সমঝোতার চেষ্টা করাচ্ছেন। এতে করে ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় আমরা অনুষ্ঠান ত্যাগ করেছি।’ একই ধরনের কথা বলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘অনুষ্ঠানস্থল ত্যাগ করা এসব নেতা দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মের মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এ নিয়ে তাঁদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা আমার সঙ্গে রয়েছেন।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, ‘দীর্ঘদিন সাংসদ আবদুল কুদ্দুস এলাকায় না থাকায় এসব নেতা-কর্মী অভিমানে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।’