নাটোরের গুরুদাসপুরে যৌতুকের দাবিতে একজন মাদ্রাসাশিক্ষক তাঁর স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নির্যাতনের বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন।
ওই গৃহবধূর নাম মাহিমা খাতুন (২০)। স্বামীর নাম রবিউল করিম। তিনি উপজেলার নাজিরপুর আলিম মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ও উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পরিবার জানায়, মাহিমা উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। দেড় বছর আগে রবিউলের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর বিভিন্ন সময়ে যৌতুকের টাকার জন্য মাহিমাকে চাপ দেন শ্বশুরবাড়ির লোকজন। মাহিমার নামে পাঁচ বিঘা জমি রয়েছে। সেই জমি বিক্রি করে টাকা এনে দিতে ঈদের দুদিন আগে থেকে তাঁকে নির্যাতন শুরু করেন স্বামী রবিউল।
হাসপাতালে মেয়ের সঙ্গে থাকা মা বেদেনা বেগম বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও আসবাব দেওয়া হয়। এরপর আরও যৌতুক আনতে মাহিমার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হয়। একপর্যায়ে মেয়েকে তাঁরা বাড়িতে এনে রেখেছিলেন। ছয় মাস আগে তাঁকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
বাবা মনিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে মাহিমাকে বাড়িতে আনতে চেয়েছিলেন তিনি। রবিউল বলেছিলেন, তিনি সঙ্গে করে নিয়ে আসবেন। কিন্তু নিয়ে আসেননি। ১০ জুলাই তাঁদের বাড়িতে গেলে মাহিমার ওপর নির্যাতনের বিষয়টি জানা যায়। এরপর তাঁকে উদ্ধার করে গুরুদাসপুরের ইউএনওর দপ্তরে গিয়ে অভিযোগ দেন তাঁরা।
উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াসমিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ইউএনওর তত্ত্বাবধানে মাহিমার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখেছেন তাঁরা। দেখা গেছে, মেয়েটির কোমরের নিচ থেকে পা পর্যন্ত কাঠের দণ্ড দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। রক্ত জমাট বেঁধে আছে। তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতনের ফলে মেয়েটি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতস্থানগুলোতে সময়মতো চিকিৎসা না দেওয়ায় এখন ঘা শুকাতে সময় লাগবে।
মাদ্রাসাশিক্ষক রবিউল করিমের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। একপর্যায়ে তিনি ‘ফোনে কোনো মন্তব্য নয়, সামনে আসেন’, এই বলে ফোন কেটে দেন। পরে আর ফোন ধরেননি।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, ইউএনওর সুপারিশ করা একটি অভিযোগ তিনি পেয়েছেন। মামলা হলে অভিযুক্ত রবিউলের চাকরি থাকবে না। তাই সমঝোতার জন্য দুই দিন সময় নেওয়া হয়েছে।