নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২৫টি প্যাকেজের প্রায় ৮২ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দলের সাংসদ আবদুল কুদ্দুস ও গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী গতকাল সকালে পৌর ভবনের একটি কক্ষে তাঁর পর্ষদদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় বাইরে মেয়রের কয়েক শ কর্মী-সমর্থক অবস্থান নেন। অন্যদিকে সাংসদের অনুসারীরা অবস্থান নেন পৌর ভবনের কাছে কোর্ট চত্বর এলাকায়। কিন্তু পৌর ভবনে পুলিশ আগেই সতর্ক অবস্থান নেওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থায়নে ৮২ লাখ টাকার ওই দরপত্রে অংশ নিতে মেয়র শাহনেওয়াজ আলী পৌরসভার তালিকাভুক্ত এবং ২০১১-২০১২ অর্থবছরের নবায়ন করা ঠিকাদারেরা অংশ নিতে পারবেন বলে শর্ত দেন। শর্ত অনুযায়ী, ঠিকাদারেরা তাঁদের লাইসেন্স বই নবায়নের উদ্দেশ্যে পৌরসভায় জমা দেন। কিন্তু গতকাল পর্যন্ত পৌর কর্তৃপক্ষ অনেকেরই লাইসেন্স বই ফেরত দেয়নি। এ কারণে প্রায় ৫০ জন ঠিকাদার দরপত্র কিনতে পারেননি। অথচ আজ ২৩ নভেম্বর দরপত্রের শিডিউল জমা দেওয়ার শেষ দিন।অভিযোগ উঠেছে, পৌর কর্তৃপক্ষ সাংসদের অনুসারী ঠিকাদারদের লাইসেন্স বই যথাসময়ে ফেরত দেয়নি।এর প্রতিবাদে দরপত্রে শিডিউল কিনতে ব্যর্থ হওয়া ঠিকাদারেরা গতকাল পৌর ভবনের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন রেজাউল করিম, আলাল শেখ, মাসুদ সরকার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সাংসদের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকায় মেয়র নিজের পছন্দের লোকদের কাছে দরপত্র বিক্রি করেছেন।অভিযোগ অস্বীকার করে মেয়র শাহনেওয়াজ আলী প্রথম আলোকে জানান, মিছিলকারীরা কেউ ঠিকাদার নন। তাঁরা সাংসদের ছত্রচ্ছায়ায় থেকে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাঁর কাছে তাঁরা চাঁদা হিসেবে এ কাজ চেয়েছিলেন। কিন্তু কাজটি না পেয়ে তাঁর বিরুদ্ধে তাঁরা অপপ্রচারে নেমেছেন। তিনি দাবি করেন, দরপত্র-প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।কিন্তু সাংসদের অনুসারী ঠিকাদার ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ সরকার জানান, এর আগেও মেয়র দুই দফায় টেন্ডারবাজি করেছেন, কিন্তু তা বাতিল হয়েছে। এবারও তিনি টেন্ডারবাজি শুরু করেছেন।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের কর্মী-সমর্থকেরা মারমুখী অবস্থান নিলেও পুলিশের সক্রিয় ভূমিকার কারণে কোনো অঘটন ঘটেনি।