গুরুদাসপুরে সার আছে পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃষক ও সারের ডিলাররা। কৃষকদের অভিযোগ, তাঁরা প্রয়োজনীয় পরিমাণে সার পাচ্ছেন না। ডিলাররাও একই অভিযোগ করেছেন। মধ্য থেকে একশ্রেণীর সুযোগসন্ধানী সৃষ্টি করেছে কৃত্রিম সংকট।

গুরুদাসপুরের ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেল, উপজেলা কৃষি কর্মকর্তা নির্দেশ দিয়েছেন, কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার নিতে হবে। জনপ্রতি কেউ সর্বোচ্চ দুই বস্তার বেশি সার নিতে পারবেন না। কে কত বস্তা পাবেন, তা ঠিক করছেন সেখানে উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা। কৃষক ও ডিলারদের মতে, এই ব্যবস্থার কারণেই সারের এই সংকট।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুস সালাম প্রথম আলোকে জানান, গুরুদাসপুরে বিক্রির ক্ষেত্রে কর্মকর্তাদের চালু করা নতুন নিয়মে জটিলতার সৃষ্টি হয়েছে। অতীতেও দেখা গেছে সার নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গেলেই সংকট দেখা দেয়, বাজারে দরও বেড়ে যায়। গুরুদাসপুরে নিয়ম করা হয়েছে, ডিলাররা সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সার বিক্রি করবেন। দোকানের সামনে তদারকি করবেন কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা। এখানে অনুমোদিত ডিলার ১০ জন। কৃষকেরা ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে জনপ্রতি এক থেকে সর্বোচ্চ দুই বস্তা সার নিতে পারবেন। অথচ অনেকেরই এখন ন্যূনতম তিন থেকে ৫০ বস্তা, বড় কৃষকদের আরও বেশি ইউরিয়া প্রয়োজন। এ জন্য তাঁদের বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে। সময় যাচ্ছে প্রচুর। বিরক্ত হয়ে অনেকে লাইনে দাঁড়াচ্ছেন না। এই সুযোগে যারা আদৌ কৃষক নন, রিকশাভ্যান চালান, দিনমজুরি করেন, এমন লোকদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে একশ্রেণীর সুযোগসন্ধানী। তাঁদের কাছ থেকে বস্তাপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে কালোবাজারে তা আরও ৫০ টাকা বাড়তি দামে বিক্রি করছে। বারবার লাইনে দাঁড়ানোর দুর্ভোগ এড়াতে এসব সুযোগসন্ধানীর কাছ থেকে ৮০০ টাকা বস্তার ইউরিয়া ৮৫০ থেকে ৯০০ টাকায় কিনতে হচ্ছে কৃষকদের।
উপজেলার হরদমা গ্রামের চাষি জাহাঙ্গীর আলমের অভিযোগ, তাঁর নিজের ৪২ বিঘা ও বর্গা নেওয়া ২৮ বিঘায় তিনি গম, সরিষা ও রসুন চাষ করেছেন। এই মুহূর্তে অন্তত ৫০ বস্তা ইউরিয়া প্রয়োজন। সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে এখন চাষাবাদ করছেন। কৃষি কর্মকর্তারা তাঁকে চেনেনও। তবু তিনি গত তিন দিনে দফায় দফায় লাইনে দাঁড়িয়ে মাত্র ১০ বস্তা সার সংগ্রহ করতে পেরেছেন। অথচ গমের জমিতে দ্রুত সার দেওয়া প্রয়োজন। একই অভিযোগ করলেন বিয়াঘাট সেনপাড়া গ্রামের কৃষক আরশাদ আলী। তিনি পাঁচ বিঘায় রসুন চাষ করেছেন। অন্তত তিন বস্তা সার তাঁর প্রয়োজন। পেয়েছেন এক বস্তা। ডিলারদের দোকানের সামনে লাইন এত দীর্ঘ, তার কারণ চাষির চেয়ে সেখানে সুযোগসন্ধানীদের সংখ্যাই বেশি।
ডিলারদের দোকানে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার। তাঁদের দাবি, সুবিধা না দিলে ডিলারদের হয়রানি করা হয়।
জেলা কৃষি কর্মকর্তা রহমত আলী বলেন, দেখতে সুন্দর লাগার জন্য কৃষকদের লাইনে দাঁড় করানো হয়। তবে খুব অল্প সময়ে এই সমস্যা কেটে যাবে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করলে তা তদন্ত করে দেখা হবে।